বগুড়ার কাহালু উপজেলায় জঙ্গলের ভেতর থেকে হাত-পা বাঁধা ও অচেতন অবস্থায় এক অটোচালককে উদ্ধার করা হয়েছে। উদ্ধার হওয়া ব্যক্তির নাম শাজাহান আলী (৬০)।.
রবিবার (২৬ এপ্রিল) সকাল সাড়ে ৭টার দিকে কাহালু উপজেলার মালঞ্চা ইউনিয়নের ডোমর গ্রাম সড়কের বোলধর খুঁটি কারখানার বিপরীতে জঙ্গলের মধ্যে স্থানীয় লোকজন তাকে পড়ে থাকতে দেখেন।.
স্থানীয়রা জানান, সকালে ওই এলাকার কয়েকজন পথচারী জঙ্গলের পাশে যাওয়ার সময় একজন ব্যক্তিকে হাত-পা বাঁধা অবস্থায় পড়ে থাকতে দেখে এগিয়ে যান। কাছে গিয়ে তারা দেখতে পান তিনি অচেতন থাকলেও জীবিত আছেন। পরে দ্রুত তাকে উদ্ধার করে রাস্তায় নিয়ে আসা হয়।.
খবর পেয়ে কাহালু থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শফিকুল ইসলাম ঘটনাস্থলে উপস্থিত হন এবং পরিস্থিতি পরিদর্শন করেন। পরে আহত শাজাহান আলীকে উন্নত চিকিৎসার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে পাঠানো হয়।.
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা তাকে অজ্ঞান করে জঙ্গলে ফেলে রেখে যায়। তবে কী কারণে এ ঘটনা ঘটেছে, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।.
পুলিশ জানিয়েছে, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে এবং ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্তে কাজ চলছে. .
Ajker Bogura / Samsil Arifin
আপনার মতামত লিখুন: