জাতীয় সংসদে উত্থাপিত হলো ‘বগুড়া বিশ্ববিদ্যালয় বিল-২০২৬’.
বগুড়া জেলায় একটি পূর্ণাঙ্গ সাধারণ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার লক্ষ্যে ‘বগুড়া বিশ্ববিদ্যালয় বিল-২০২৬’ জাতীয় সংসদে উত্থাপন করেছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
মঙ্গলবার (৭ জুলাই) জাতীয় সংসদে বিলটি উত্থাপন করে শিক্ষামন্ত্রী বলেন, ‘বগুড়া বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন, ২০০১’ রহিত করে সময়ের চাহিদা ও বাস্তবতার আলোকে নতুন আইন প্রণয়নের উদ্যোগ নেওয়া হয়েছে।
তিনি জানান, ২০০১ সালের ১৫ জুলাই বগুড়া বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন গেজেট আকারে প্রকাশিত হলেও সেটি কার্যকর করা হয়নি। বর্তমানে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ও শিক্ষা কার্যক্রম চালুর প্রক্রিয়া চলমান রয়েছে। নতুন আইনের মাধ্যমে বিশ্ববিদ্যালয়টিকে বিজ্ঞান ও প্রযুক্তির গণ্ডি ছাড়িয়ে বিজ্ঞান, জীববিজ্ঞান, প্রকৌশল, কারিগরি, কলা, সামাজিক বিজ্ঞান, ব্যবসায় প্রশাসন, আইন, কৃষি ও চিকিৎসা বিজ্ঞানসহ বিভিন্ন বিষয়ে শিক্ষা ও গবেষণার সুযোগ-সুবিধাসম্পন্ন পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের প্রস্তাব করা হয়েছে।
শিক্ষামন্ত্রী আরও বলেন, জ্ঞানচর্চা ও দক্ষ মানবসম্পদ গড়ে তোলার লক্ষ্যে বগুড়ায় একটি পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার প্রতিশ্রুতির আলোকে ‘বগুড়া বিশ্ববিদ্যালয় আইন, ২০২৬’-এর খসড়া প্রণয়ন করা হয়েছে। বিদ্যমান আইনের প্রায় ৯৫ শতাংশ ধারা সংশোধনের প্রয়োজন হওয়ায় সংশোধনের পরিবর্তে নতুন আইন প্রণয়নের উদ্যোগ নেওয়া হয়েছে।
তিনি বলেন, এই বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হলে বগুড়াসহ সমগ্র উত্তরাঞ্চলের শিক্ষার্থীরা মানসম্মত উচ্চশিক্ষা, গবেষণা এবং কারিগরি জ্ঞান অর্জারের সুযোগ পাবেন। একই সঙ্গে উচ্চশিক্ষার সম্প্রসারণ, দক্ষ মানবসম্পদ উন্নয়ন, কৃষি খাতের অগ্রগতি, কর্মসংস্থান বৃদ্ধি এবং দেশের অর্থনৈতিক উন্নয়নে বিশ্ববিদ্যালয়টি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।.
.
Ajker Bogura / ডি আর/ এসএ
আপনার মতামত লিখুন: