• ঢাকা
  • মঙ্গলবার, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ; ২৮ জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

Advertise your products here

চিকিৎসককে ‘ভাই’ ডাকায় চিকিৎসা পেল না কোলের শিশু


Ajker Bogura ; প্রকাশিত: সোমবার, ২৭ জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ১১:৪১ পিএম
ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

ঝালকাঠির রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একজন চিকিৎসককে ‘স্যার’ না বলে ‘ভাই’ সম্বোধন করায় রোগীর সঙ্গে বাকবিতণ্ডার জেরে চিকিৎসাসেবা না পাওয়ার অভিযোগ উঠেছে। ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওর মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। তবে হাসপাতাল কর্তৃপক্ষের দাবি, পুরো বিষয়টি মূলত ভুল বোঝাবুঝির ফল। জানা যায়, রোববার (২৬ জুলাই) দুপুরে ঝালকাঠির রাজাপুর উপজেলার সাতুরিয়া ইউনিয়নের বোর্ড অফিস এলাকার বাসিন্দা তানভীর হাসান তার দুই বছর বয়সী ছেলে রুজায়াইনকে নিয়ে রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে যান। পরিবারের ভাষ্য অনুযায়ী, একটি বিড়ালের আঁচড়ে আহত হওয়ায় শিশুটিকে প্রয়োজনীয় চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়েছিল। অভিযোগ অনুযায়ী, জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. মো. আরিফুল ইসলামকে সালাম জানিয়ে তানভীর হাসান শিশুর সমস্যার কথা জানান এবং কথোপকথনের সময় তাকে ‘ভাই’ বলে সম্বোধন করেন। চিকিৎসক জানান, হাসপাতালে সে সময় বিড়ালের আঁচড় বা কামড়ের জন্য প্রয়োজনীয় টিকা মজুত নেই এবং বিকেলে এসে যোগাযোগ করতে বলেন। পরে ভবিষ্যতে যোগাযোগের সুবিধার্থে চিকিৎসকের মোবাইল নম্বর চাইলে তিনি ক্ষুব্ধ হয়ে ওঠেন বলে অভিযোগ করেন রোগীর স্বজন। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, রোগীর স্বজন চিকিৎসককে উদ্দেশ করে বলেন, “প্রথমে ঢুকেই আপনাকে সালাম দিলাম, এরপর ভাই বললাম। আপনি কোন গেজেটেড অফিসার যে আপনাকে ভাই বলা যাবে না?” জবাবে চিকিৎসক বলেন, “আপনি চলে যান, আপনার সঙ্গে কোনো কথা বলব না।” এরপর দুজনের মধ্যে তর্কাতর্কি শুরু হয় এবং একপর্যায়ে রোগীর স্বজনের দাবি অনুযায়ী, তাদের চিকিৎসা না দিয়েই হাসপাতাল থেকে চলে যেতে বলা হয়। তানভীর হাসান বলেন, তিনি অসুস্থ শিশুকে নিয়ে চিকিৎসার আশায় হাসপাতালে গিয়েছিলেন এবং চিকিৎসকের প্রতি যথাযথ সম্মান দেখিয়েই কথা বলেছেন। তার দাবি, শুধুমাত্র ‘ভাই’ বলে সম্বোধন করায় চিকিৎসক বিরক্ত হন এবং পরে ফোন নম্বর চাইলে আরও ক্ষিপ্ত হয়ে চিকিৎসা দিতে অস্বীকৃতি জানান।অন্যদিকে, অভিযুক্ত চিকিৎসক ডা. মো. আরিফুল ইসলামের বক্তব্য জানতে একাধিকবার মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি সাড়া দেননি। হোয়াটসঅ্যাপে পাঠানো বার্তারও প্রতিবেদন লেখা পর্যন্ত কোনো জবাব পাওয়া যায়নি।এ বিষয়ে রাজাপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচএফপিও) ডা. আবুল খায়ের মাহমুদ বলেন, ডা. আরিফুল ইসলাম দায়িত্বশীল ও কর্মঠ একজন চিকিৎসক। তার মতে, ঘটনাটি মূলত উভয় পক্ষের মধ্যে ভুল বোঝাবুঝির কারণে ঘটেছে। তিনি বলেন, রোগী চাইলে চিকিৎসকের ব্যক্তিগত নম্বরের পরিবর্তে হাসপাতালের অফিসিয়াল নম্বর দেওয়া যেতে পারত। এছাড়া ভাই বলে সম্বোধন করতে চিকিৎসক নিষেধ করেছেন—এমন বিষয় ভিডিওতে স্পষ্টভাবে শোনা যায় না বলেও তিনি মন্তব্য করেন।ঘটনাটি প্রকাশ্যে আসার পর স্থানীয়দের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। অনেকেই সরকারি হাসপাতালে চিকিৎসাসেবা নিতে আসা রোগীদের সঙ্গে চিকিৎসকদের আরও সৌহার্দ্যপূর্ণ ও পেশাদার আচরণ নিশ্চিত করার দাবি জানিয়েছেন। পাশাপাশি অভিযোগের নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটন এবং দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন সচেতন নাগরিকরা।.

.

Ajker Bogura / সামসিল আরিফিন

সারাদেশ বিভাগের জনপ্রিয় সংবাদ