বগুড়ার কাহালু উপজেলার আবু তালেব কাজল দীর্ঘদিন ধরে “ব্রাদার্স ট্যুরস এন্ড ট্রাভেলস” এবং “স্নেহা সুচি এভিয়েশন” নামের প্রতিষ্ঠান পরিচালনার আড়ালে সংঘবদ্ধ প্রতারণা চালিয়ে আসছিলেন বলে অভিযোগ উঠেছে। ট্যুর প্যাকেজ, বিমান টিকিট, ওমরা হজ এবং বিদেশে চাকরির প্রলোভন দেখিয়ে সাধারণ মানুষের কাছ থেকে কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগে অবশেষে তাকে আটক করেছে পিবিআই বগুড়া।.
ভুক্তভোগীদের দাবি, কাজল অত্যন্ত পরিকল্পিতভাবে মানুষের আস্থা অর্জন করতেন। বিদেশে কর্মসংস্থানের নিশ্চয়তা, কম খরচে ওমরা হজ এবং আকর্ষণীয় ট্যুর প্যাকেজের কথা বলে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের কাছ থেকে মোটা অঙ্কের টাকা নিতেন। পরে নির্ধারিত সময় পার হলেও কেউ ভিসা, টিকিট কিংবা ট্যুর সুবিধা না পেয়ে প্রতারণার বিষয়টি বুঝতে পারেন।.
অভিযোগ রয়েছে, অন্তত ১৮ জন ওমরা হজযাত্রীর কাছ থেকে বিপুল অর্থ নেওয়ার পাশাপাশি অর্ধশতাধিক যুবকের বিদেশে চাকরির নামে প্রায় ৩ কোটি টাকা হাতিয়ে নেন তিনি। এছাড়া বিভিন্ন ব্যক্তি ও ব্যবসায়ীর কাছ থেকেও ধার নেওয়ার পর টাকা ফেরত না দেওয়ার অভিযোগ পাওয়া গেছে।.
স্থানীয় সূত্রে জানা যায়, প্রতারণার মাধ্যমে অর্জিত অর্থে বিলাসবহুল জীবনযাপনে অভ্যস্ত হয়ে ওঠেন আবু তালেব কাজল। তিনি ঢাকার পল্টন এলাকায় নতুন অফিস খুলে আরও বড় পরিসরে কার্যক্রম শুরু করেন। আধুনিক সাজসজ্জায় অফিস তৈরি করে সাধারণ মানুষের মধ্যে বিশ্বাসযোগ্যতা তৈরির চেষ্টা চালানো হয়। তবে অফিসের ইন্টেরিয়র ও ডেকোরেশনের কাজ করা ব্যক্তিরাও তাদের পাওনা টাকা না পেয়ে ক্ষোভ প্রকাশ করেছেন।.
একাধিক ভুক্তভোগী জানান, কাজল দীর্ঘদিন ধরেই বিদেশে লোক পাঠানোর নামে নানা ধরনের আশ্বাস দিয়ে সময়ক্ষেপণ করতেন। কেউ টাকা ফেরত চাইলে নানা অজুহাতে যোগাযোগ এড়িয়ে যেতেন। পরে অনেকেই একত্রিত হয়ে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে অভিযোগ দায়ের করেন।.
পিবিআই সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ঢাকার একটি গাড়ির শোরুমে অভিযান চালানো হয়। সেখানে একটি দামী গাড়ি কেনার উদ্দেশ্যে গেলে আগে থেকেই অবস্থান নেওয়া পিবিআই সদস্যরা তাকে আটক করেন। গাড়ির মূল্য পরিশোধের আগেই তাকে হাতকড়া পরানো হয়।.
বর্তমানে তাকে বগুড়ায় নিয়ে আসা হচ্ছে বলে জানা গেছে। আদালতে হাজির করে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। এদিকে দীর্ঘদিন ধরে প্রতারণার শিকার হওয়া ভুক্তভোগীদের মধ্যে কাজল গ্রেফতারের ঘটনায় স্বস্তি ফিরে এসেছে। সফল অভিযানের জন্য পিবিআই বগুড়ার কর্মকর্তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন অনেকে।. .
Ajker Bogura / টি এম
আপনার মতামত লিখুন: