• ঢাকা
  • বৃহস্পতিবার, ১১ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ; ২৬ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

Advertise your products here

আইসক্রিমের প্রলোভনে ৪ বছরের শিশুকে হত্যা, অভিযুক্ত পলাতক


Ajker Bogura ; প্রকাশিত: বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ০২:৩১ এএম
ছবি : সংগৃহীত

খুলনায় হৃদয়বিদারক এক ঘটনায় নিখোঁজ হওয়ার একদিন পর চার বছরের শিশু জান্নাতুল মাওয়ার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২৩ মার্চ) গভীর রাতে নগরের হরিণটানা গেট সংলগ্ন খেজুরবাগান এলাকা থেকে তার লাশ উদ্ধার করা হয়।
নিহত শিশু লবণচরা থানাধীন রায়পাড়া কালভার্ট এলাকার বাসিন্দা মো. শাহজালালের মেয়ে। পরিবার জানায়, ঈদের দ্বিতীয় দিন বিকেলে শিশুটির মায়ের ফুফাতো ভাই তোতা মিয়া তাদের বাসায় বেড়াতে আসেন। পরদিন দুপুরে তিনি মাওয়াকে আইসক্রিম কিনে দেওয়ার কথা বলে বাইরে নিয়ে যান।
এরপর দীর্ঘ সময় পার হলেও শিশুটি বাড়িতে না ফেরায় সন্দেহ সৃষ্টি হয়। শিশুটির মা আফরোজা আক্তার রুমি ফোনে যোগাযোগ করলে তোতা মিয়া জানান, মাওয়া আইসক্রিম খাচ্ছে। কিন্তু কিছুক্ষণের মধ্যেই তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। বিকেলে পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজির পর থানায় সাধারণ ডায়েরি করেন।
ঘটনার মোড় নেয় রাত ২টার দিকে, যখন শিশুটির বাবার ইমো অ্যাকাউন্টে তোতা মিয়া তিনটি ভয়েস মেসেজ পাঠান। সেখানে তিনি তিনজনের নামে মামলা দেওয়ার হুমকি ও তিন লাখ টাকা আদায়ের পরিকল্পনার কথা বলেন। পরে আরেকটি ভয়েস বার্তায় শিশুটির মরদেহ কোথায় ফেলে রাখা হয়েছে তা জানানো হয়।
পরে পুলিশ ও স্বজনরা ঘটনাস্থলে গিয়ে গলায় দড়ি বাঁধা অবস্থায় শিশুটির মরদেহ উদ্ধার করেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শ্বাসরোধ করে তাকে হত্যা করা হয়েছে।
খুলনা মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (দক্ষিণ) মোহাম্মদ তাজুল ইসলাম জানান, অভিযুক্ত তোতা মিয়াকে গ্রেপ্তারে অভিযান চলছে এবং মরদেহ ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
পরিবারের দাবি, অভিযুক্ত তোতা মিয়ার বাড়ি ঝালকাঠির রাজাপুর উপজেলার পুটিয়াখালী এলাকায়। তিনি জাহাজে চাকরি করতেন এবং এর আগেও বিভিন্ন অপরাধে কারাভোগ করেছেন।.

.

Ajker Bogura / ডি আর/ এসএ

অপরাধ বিভাগের জনপ্রিয় সংবাদ