অভিযোগ সূত্রে জানা যায়, প্রায় ২০ দিন আগে জহুরুল ইসলামের দুই ছোট ভাইয়ের স্ত্রী আতাইল বাজারের ‘সনিস বিউটি পার্লার অ্যান্ড ফ্যাশন হাউস’-এ সেবা নিতে যান। সেবা গ্রহণের পর পার্লারের মালিক সোনিয়া খাতুন নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত অর্থ দাবি করেন বলে অভিযোগ করা হয়েছে। অতিরিক্ত অর্থের কারণ জানতে চাইলে তিনি বিভিন্ন অজুহাত দেখান। নির্ধারিত টাকা পরিশোধের পরও অতিরিক্ত অর্থের দাবি অব্যাহত থাকে বলে অভিযোগে উল্লেখ করা হয়।.
অভিযোগকারী দাবি করেন, অতিরিক্ত অর্থ দিতে অস্বীকৃতি জানালে সোনিয়া খাতুন তাকে ও তার পরিবারের সদস্যদের মোবাইল ফোনে এবং সরাসরি বিভিন্ন সময় হুমকি দিতে থাকেন। এর ধারাবাহিকতায় গত ১০ জুন ভোর সাড়ে ৫টার দিকে তিনি অভিযোগকারীর বাড়ির সামনে গিয়ে প্রধান ফটক ও জানালায় আঘাত করেন এবং পরিবারের সদস্যদের উদ্দেশে অশালীন ভাষায় গালিগালাজ করেন। প্রতিবাদ করলে প্রাণনাশের হুমকিও দেওয়া হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।.
এছাড়া, থানায় অভিযোগ দেওয়ার পর ১১ জুন বিকেল সাড়ে ৪টার দিকে সোনিয়া খাতুন ও তার সহযোগীরা পুনরায় বাড়ির সামনে এসে গালিগালাজ এবং রান্নাঘরসহ বসতবাড়িতে ভাঙচুর চালান বলে অভিযোগ করা হয়েছে। এ সময় জহুরুল ইসলামের স্ত্রী ও মা বাধা দিলে তাদের সঙ্গে ধাক্কাধাক্কির ঘটনা ঘটে। অভিযোগ অনুযায়ী, ইটের দেয়াল, গ্যাসের চুলাসহ বিভিন্ন জিনিসপত্র ভাঙচুরে প্রায় ১৫ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।.
একই দিন বিকেল সাড়ে ৫টার দিকে অভিযুক্তরা জহুরুল ইসলামের পরিচালিত মাছের হ্যাচারির সামনে গিয়ে গেটে লাথি মেরে গালিগালাজ করেন এবং ব্যবসা প্রতিষ্ঠানের ক্ষতি করার হুমকি দেন বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।.
স্থানীয় এক প্রত্যক্ষদর্শী রহিমা বেগম জানান, পার্লারের বিল সংক্রান্ত বিরোধের জেরে এলাকায় উত্তেজনা তৈরি হয়েছে। তবে অভিযোগের বিষয়ে অভিযুক্ত পক্ষের বক্তব্য পাওয়া যায়নি।.
এ বিষয়ে শাহজাহানপুর থানার তদন্তকারী কর্মকর্তা শামসুজ্জোহা বলেন, অভিযোগ ও সাধারণ ডায়েরির বিষয়গুলো তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।.
ঘটনার সত্যতা ও অভিযোগের বিষয়ে তদন্ত শেষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।. .
Ajker Bogura / ডি আর/ এসএ
আপনার মতামত লিখুন: