বগুড়ার ধুনট উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ভিপি আবুল মুনছুর আহম্মেদ পাশা, তার স্ত্রী উপজেলা মহিলা দলের সভাপতি শারমিন সুলতানা দীপ্তি ও ছেলে নাফিস ফয়সাল আকাশ এর বিরুদ্ধে চাঁদাবাজির মামলা দায়ের হয়েছে। শনিবার (২৮ ফেব্রুয়ারি) ভুক্তভোগীর স্ত্রী থানায় অভিযোগ দায়ের করেন।.
মামলার অভিযোগে বলা হয়েছে, ধুনট উপজেলার উল্লাপাড়া গ্রামের চপল মাহমুদ ২৬ ফেব্রুয়ারি রাতে ধুনট শহর থেকে বাড়ির পথে ছিলেন। হুকুম আলী বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে অভিযুক্তরা তাকে পথরোধ করে ১ লাখ টাকা চাঁদা দাবি করেন। চাঁদা না দেয়ায় তাঁকে মারপিট করা হয় এবং ব্যাগে থাকা প্রায় ৪০ হাজার টাকা ছিনিয়ে নেওয়া হয়।.
স্থানীয়রা আহত চপল মাহমুদকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। প্রথমে থানা পুলিশ অভিযোগটি মামলা হিসেবে রেকর্ড করতে অস্বীকার করলেও, এলাকাবাসীর মানববন্ধন ও বিক্ষোভের পরে ২৮ ফেব্রুয়ারি রাতে এটি মামলা হিসেবে রেকর্ড করা হয়।.
উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ভিপি আবুল মুনছুর আহম্মেদ পাশা দাবি করেছেন, তার ছেলে ও চপল মাহমুদের মধ্যে পূর্ববিরোধের জেরে এই সংঘর্ষ হয়েছে এবং প্রতিপক্ষের লোকজন মিথ্যা অভিযোগ দায়ের করেছে।.
ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আতিকুল ইসলাম জানিয়েছেন, চাঁদাবাজির অভিযোগে মামলা হয়েছে এবং আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।.
Ajker Bogura / তাহমিদ জাওয়াদ
আপনার মতামত লিখুন: