বগুড়া সিটি করপোরেশন প্রতিষ্ঠা, যুক্ত হলো নতুন বিস্তীর্ণ এলাকা: সরকার আনুষ্ঠানিকভাবে বগুড়া সিটি করপোরেশন প্রতিষ্ঠা করেছে। নতুন এই সিটি করপোরেশনের আওতায় বগুড়া সদর ও শাজাহানপুর উপজেলার কয়েকটি ইউনিয়নের অংশ অন্তর্ভুক্ত করা হয়েছে। এ সংক্রান্ত প্রজ্ঞাপনে নতুন সিটির সীমানাও নির্ধারণ করে দেওয়া হয়েছে।.
নতুন সিটি করপোরেশনের অন্তর্ভুক্ত এলাকাগুলো হলো:
উত্তরে ৩নম্বর নিশিন্দারা ইউনিয়ন (বগুড়া সদর), ৫নম্বর রাজাপুর ইউনিয়ন (অংশ) (বগুড়া সদর) ও ৬নম্বর শাখারিয়া ইউনিয়ন (বগুড়া সদর), দক্ষিণে ১নম্বর আশেকপুর ইউনিয়ন (শাজাহানপুর), ২নম্বর মাদলা ইউনিয়ন (শাজাহানপুর) ও ৩নম্বর মাঝিড়া ইউনিয়ন (শাজাহানপুর), পূর্বে ২নম্বর সাবগ্রাম ইউনিয়ন (বগুড়া সদর), ৫নম্বর রাজাপুর ইউনিয়ন (বগুড়া সদর) ও ২নম্বর মাদলা ইউনিয়ন (শাজাহানপুর), পশ্চিমে ১নম্বর ফাঁপোড় ইউনিয়ন (বগুড়া সদর) ও ৪নম্বর এরুলিয়া ইউনিয়ন (বগুড়া সদর) এলাকা নিয়ে নতুন এই সিটি করপোরেশনের সীমানা নির্ধারণ করা হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়, স্থানীয় সরকার (সিটি করপোরেশন) আইন, ২০০৯ অনুযায়ী বিদ্যমান বগুড়া পৌরসভা ও সম্প্রসারিত এলাকা নিয়ে সিটি করপোরেশন প্রতিষ্ঠার বিষয়ে মতামত আহ্বান করতে বগুড়া জেলা প্রশাসককে নির্দেশ দেওয়া হয়েছিল। পরে জেলা প্রশাসক স্থানীয় পর্যায়ে প্রয়োজনীয় কার্যক্রম ও মতামত গ্রহণ প্রক্রিয়া সম্পন্ন করে সরকারের কাছে একটি প্রতিবেদন জমা দেন। ওই প্রতিবেদনে বগুড়া সিটি করপোরেশন গঠনের পক্ষে সুপারিশ করা হয়।
সরকার জেলা প্রশাসকের প্রতিবেদন পর্যালোচনা ও সংশ্লিষ্ট আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে আনুষ্ঠানিকভাবে বগুড়া সিটি করপোরেশন প্রতিষ্ঠার সিদ্ধান্ত গ্রহণ করে।
নতুন সিটি করপোরেশন গঠনের ফলে বগুড়া অঞ্চলের নাগরিক সুবিধা, অবকাঠামোগত উন্নয়ন, বর্জ্য ব্যবস্থাপনা, সড়ক যোগাযোগ ও নগর পরিকল্পনায় নতুন গতি আসবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।.
.
Ajker Bogura / ডি আর/ এসএ
আপনার মতামত লিখুন: