• ঢাকা
  • সোমবার, ১ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ; ১৬ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

Advertise your products here

মালদ্বীপে আগুনে নিহতদের মধ্যে একজন বগুড়ার শিবগঞ্জের নূরনবী


Ajker Bogura ; প্রকাশিত: রবিবার, ১৫ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ১১:১৩ এএম
মালদ্বীপে আগুনে নিহতদের মধ্যে একজন বগুড়ার শিবগঞ্জের নূরনবী
ছবি: সংগৃহীত

মালদ্বীপে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে অগ্নিদগ্ধ হয়ে বগুড়ার শিবগঞ্জ উপজেলার এক প্রবাসী যুবকের মৃত্যু হয়েছে। নিহত নূরনবী সরকার (২৭) উপজেলার বাদেগাংনই গ্রামের আব্দুস সামাদের ছেলে।.

পারিবারিক সূত্রে জানা যায়, প্রায় ১০ বছর আগে জীবিকার তাগিদে মালদ্বীপে পাড়ি জমান নূরনবী সরকার। দীর্ঘ প্রবাস জীবনের অবসান ঘটিয়ে আগামী কোরবানির ঈদে স্থায়ীভাবে দেশে ফেরার পরিকল্পনা ছিল তার। কিন্তু সেই ফেরা আর হলো না।.

গত বৃহস্পতিবার (১২ মার্চ) দিবাগত রাতে মালদ্বীপের দিঘুরা আইল্যান্ডে শ্রমিকদের আবাসিক কোয়ার্টারে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে সৃষ্ট ভয়াবহ আগুনে নূরনবী সরকারসহ পাঁচ বাংলাদেশি শ্রমিক নিহত হন।.

ছেলের মৃত্যুর খবর পাওয়ার পর থেকেই মরদেহ দেশে আনা নিয়ে চরম অনিশ্চয়তার মধ্যে দিন কাটছে পরিবারের সদস্যদের। একমাত্র ছেলের মরদেহ শেষবারের মতো দেখতে পারবেন কি না—এ নিয়ে গভীর উদ্বেগে রয়েছেন স্বজনরা।.

শনিবার (১৪ মার্চ) সকালে নূরনবীর বাড়িতে গিয়ে দেখা যায়, শোকাহত পরিবারকে সান্ত্বনা দিতে ভিড় করছেন প্রতিবেশীরা। তিন বোনের একমাত্র ভাই নূরনবী ছিলেন পরিবারের বড় ভরসা।.

নিহতের বাবা আব্দুস সামাদ বিলাপ করে বলেন, “সরকার যেন আমার ছেলের লাশটা দ্রুত দেশে পাঠানোর ব্যবস্থা করে। অন্তত শেষবারের মতো মুখটা দেখতে চাই।”.

পরিবারের দাবি, সেহরির রান্না করতে গিয়ে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ থেকে আগুনের সূত্রপাত হয়। এতে নূরনবীসহ কয়েকজন বাংলাদেশি শ্রমিক গুরুতরভাবে দগ্ধ হন এবং ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।.

মালদ্বীপে বাংলাদেশ হাইকমিশন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করলেও মরদেহ দেশে পাঠানোর প্রক্রিয়া সম্পর্কে এখনো স্পষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি। ফলে নিহতের পরিবার ও স্বজনদের উদ্বেগ আরও বাড়ছে।. .

Ajker Bogura / তাহমিদ জাওয়াদ

শোক সংবাদ বিভাগের জনপ্রিয় সংবাদ