• ঢাকা
  • বুধবার, ১৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ; ২৯ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

Advertise your products here

বগুড়া শেরপুরে সিঁধ কেটে গরু চুরি: আন্তঃজেলা চোর চক্রের ৫ সদস্য গ্রেফতার, ২টি গরু উদ্ধার


Ajker Bogura ; প্রকাশিত: বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ০৯:৫৮ পিএম
ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

বগুড়ার শেরপুরে গোয়ালঘরের দেয়াল ভেঙে গরু চুরির ঘটনায় আন্তঃজেলা চোর চক্রের পাঁচ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (২৯ এপ্রিল) ভোরে মির্জাপুর ফ্লাইওভার এলাকা ও সারিয়াকান্দিতে পৃথক অভিযানে তাদের গ্রেফতার করা হয়। এ সময় চুরির কাজে ব্যবহৃত একটি পিকআপ ভ্যান জব্দ এবং চুরি হওয়া পাঁচটি গরুর মধ্যে দুটি উদ্ধার করা হয়েছে।গ্রেফতারকৃতরা হলেন— মো. জাহাঙ্গীর আলম (৩৪), মো. সবুজ (২৮), আব্দুল আলিম (৩৮), আব্দুর রহমান ওরফে রানা (৩৫) এবং মো. আকাশ (২৪)। তাদের বাড়ি বগুড়া ও টাঙ্গাইল জেলায়।পুলিশ জানায়, গত ২৬ এপ্রিল রাতের কোনো এক সময় শেরপুর উপজেলার বিশালপুর ইউনিয়নের কহিতকুল গ্রামের এক কৃষকের গোয়ালঘরের ইটের দেয়াল ভেঙে পাঁচটি গরু চুরি করে নিয়ে যায় চক্রটি। চুরি হওয়া গরুর মধ্যে ছিল তিনটি গাভী ও দুটি বাছুর। এছাড়া একটি বকনা বাছুর নেওয়ার চেষ্টা করেও ব্যর্থ হয় চোরেরা।ঘটনার পর ভুক্তভোগী কৃষক শেরপুর থানায় মামলা দায়ের করেন। মামলার তদন্ত কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) বিকাশের নেতৃত্বে অভিযান চালিয়ে বুধবার ভোর সাড়ে ৫টার দিকে মির্জাপুর ফ্লাইওভারের নিচ থেকে চারজনকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের ব্যবহৃত পিকআপ ভ্যান (ঢাকা মেট্রো-ন-১৩-৭৩০৯) তল্লাশি করে তালা কাটার হাইড্রোলিক কাটার ও দড়ি উদ্ধার করা হয়।পরে গ্রেফতারকৃতদের দেওয়া তথ্যের ভিত্তিতে সারিয়াকান্দি উপজেলার বুরইল মধ্যপাড়া গ্রামে অভিযান চালিয়ে আকাশকে গ্রেফতার করা হয়। তার বাড়ির গোয়ালঘর থেকে একটি কালো গাভী ও একটি লাল রঙের ষাঁড় বাছুর উদ্ধার করা হয়, যা ভুক্তভোগী কৃষক নিজের বলে শনাক্ত করেন।তদন্ত সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তারা জানান, এটি একটি সংঘবদ্ধ আন্তঃজেলা চোর চক্র। চক্রের একটি দল চুরি করে, আরেকটি দল চুরি করা গরু বিভিন্ন স্থানে বিক্রি করে থাকে।শেরপুর থানা পুলিশ জানায়, এ ঘটনায় জড়িত পলাতক আসামি মহাতাব, আলতাব ও মঞ্জুসহ অন্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। গ্রেফতারকৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে এবং মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাদের কারাগারে রাখার আবেদন করা হয়েছে।.

.

Ajker Bogura / ডি আর/ এস এ

অপরাধ বিভাগের জনপ্রিয় সংবাদ