কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলা, লক্ষ্য ছিল জ্বালানি ট্যাংক.
কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরের জ্বালানি ট্যাংক লক্ষ্য করে ড্রোন হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে দেশটির সেনাবাহিনী। গুরুত্বপূর্ণ এই রাষ্ট্রীয় অবকাঠামোতে ড্রোন হামলার ঘটনাটি নিশ্চিত করেছে কুয়েতের প্রতিরক্ষা মন্ত্রণালয়।.
কুয়েত সেনাবাহিনীর পক্ষ থেকে সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক মুখপাত্র বলেন, 'গুরুত্বপূর্ণ অবকাঠামোকে সরাসরি লক্ষ্যবস্তু করে কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরের জ্বালানি ট্যাংকগুলোতে ড্রোন হামলা চালানো হয়েছে।' .
বিবৃতিতে ওই মুখপাত্র আরও জানান, দেশটির আকাশসীমা লঙ্ঘনকারী একঝাঁক 'শত্রুভাবাপন্ন ড্রোন' মোকাবিলা করছে কুয়েতের সশস্ত্র বাহিনী।.
তবে এই হামলায় ক্ষয়ক্ষতির পরিমাণ বা কোনো হতাহতের ঘটনা ঘটেছে কি না, সে বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি। কারা এই ড্রোন হামলা চালিয়েছে, সে বিষয়েও কুয়েত সেনাবাহিনীর পক্ষ থেকে কোনো মন্তব্য করা হয়নি। .
ইরানে মার্কিন-ইসরায়েলি হামলা 'কখনোই হওয়া উচিত ছিল না': চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই.
ইরানের বিরুদ্ধে চলমান মার্কিন-ইসরায়েলি সামরিক অভিযান 'কখনোই হওয়া উচিত ছিল না' বলে মন্তব্য করেছেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। একই সঙ্গে তিনি অবিলম্বে শত্রুতা বন্ধ করে আলোচনার টেবিলে ফিরে আসার আহ্বান জানিয়েছেন।.
বেইজিংয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ওয়াং ই বলেন, সামরিক শক্তি ব্যবহার করে বর্তমান সংকটের 'কখনোই সমাধান হবে না'। তিনি সংঘাতের বদলে কূটনৈতিক পন্থায় সংকট উত্তরণের ওপর জোর দেন।.
সংবাদ সম্মেলনে চীনের পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, 'শক্তিশালী মুষ্টি মানেই শক্তিশালী যুক্তি নয়। বিশ্ব আবার জঙ্গল শাসনে ফিরে যেতে পারে না'। অর্থাৎ, গায়ের জোর থাকলেই কোনো কাজ ন্যায়সঙ্গত হয়ে যায় না।.
ইরানে শাসনব্যবস্থা পরিবর্তনের বিষয়ে ওয়াং ই বলেন, তিনি বিশ্বাস করেন ইরানে শাসনব্যবস্থা পরিবর্তনের প্রতি জনগণের কোনো সমর্থন নেই। মূলত কূটনৈতিক আলোচনার মাধ্যমেই দীর্ঘস্থায়ী শান্তি সম্ভব বলে তিনি মনে করেন।.
ইরানের হামলার মুখে আত্মরক্ষায় 'দ্বিধা করবে না' কাতার: ট্রাম্পকে আমির.
ইরানের পক্ষ থেকে ক্রমাগত হামলার মুখে কাতার নিজেকে রক্ষা করতে 'দ্বিধা করবে না' বলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে সাফ জানিয়ে দিয়েছেন কাতারের আমির শেখ তামিম বিন হামাদ বিন খলিফা আল থানি।.
কাতার রাষ্ট্রীয় সংবাদ সংস্থার বরাতে জানা গেছে, এক ফোনালাপে আমির ট্রাম্পকে বলেন, এই অঞ্চলে বর্তমানে সামরিক তৎপরতা যেভাবে বাড়ছে, তার 'বিপজ্জনক পরিণতি' হতে পারে।.
এর আগে আজ শনিবার কাতারের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, দেশটিকে লক্ষ্য করে চালানো একটি 'ক্ষেপণাস্ত্র হামলা' তারা সফলভাবে প্রতিহত করেছে।.
বৈরুতে ইরানি বাহিনীর ওপর ইসরায়েলের 'সুনির্দিষ্ট হামলা'.
লেবাননের রাজধানী বৈরুতে ইরানি বাহিনীর ওপর 'সুনির্দিষ্ট হামলা' চালানোর দাবি করেছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)। এক টেলিগ্রাম বার্তায় আইডিএফ জানিয়েছে, বৈরুতে অবস্থানরত ইরানের ইসলামি বিপ্লবী গার্ড কর্পসের (আইআরজিসি) কুদস ফোর্সের লেবানন কর্পসের 'প্রধান কমান্ডারদের' লক্ষ্য করে এই হামলা চালানো হয়েছে।.
কুদস ফোর্স হলো আইআরজিসি-র একটি শাখা, যারা মূলত বিদেশের মাটিতে সামরিক কার্যক্রম পরিচালনা করে। আইডিএফ চলতি সপ্তাহের শুরুতে দাবি করেছিল যে, তারা লেবানন কর্পসের সাময়িক কমান্ডার দাউদ আলিজাদেহকে হত্যা করেছে।.
শনিবার রাতের এই হামলা সম্পর্কে আইডিএফ এক বিবৃতিতে বলেছে, কুদস ফোর্স 'ইসরায়েল রাষ্ট্র এবং এর নাগরিকদের বিরুদ্ধে সন্ত্রাসী হামলা চালানোর উদ্দেশ্যে কাজ করছিল।' বিবৃতিতে তারা আরও যোগ করে, 'ইরানি সন্ত্রাসী গোষ্ঠীর কমান্ডাররা যেখানেই থাকুক না কেন, তাদের সুনির্দিষ্টভাবে নির্মূল করা অব্যাহত রাখা হবে।'.
আইডিএফ অবশ্য এই হামলার সুনির্দিষ্ট স্থান উল্লেখ করেনি। অন্যদিকে, এই হামলা সম্পর্কে এখন পর্যন্ত ইরানি কর্মকর্তাদের কোনো মন্তব্য পাওয়া যায়নি।.
এই হামলার কয়েক ঘণ্টা আগেই আইডিএফ জানিয়েছিল যে, তারা বৈরুতের দাহিয়েহ এলাকায় 'হিজবুল্লাহর অবকাঠামো' লক্ষ্য করে 'আরেক দফা বিমান হামলা' শুরু করেছে। .
ইরানের তেল স্থাপনায় হামলা ইসরায়েলের.
শনিবার রাতে তেহরান ও পার্শ্ববর্তী শহর কারাজসহ একাধিক তেল স্থাপনায় হামলা চালিয়েছে ইসরায়েল। হামলার পর আগুন লেগে কালো ধোঁয়ায় ঢেকে যায় অনেক এলাকার আকাশ। শক্তিশালী বিস্ফোরণে কেঁপে ওঠে গোটা এলাকা। .
যুদ্ধ শুরুর পর এই প্রথম ইরানের জ্বালানি অবকাঠামো লক্ষ্য করে হামলা চালাল ইসরায়েল। .
ইরানের তেল মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, তেহরান ও আলবোর্জ প্রদেশের একাধিক তেলের ডিপো লক্ষ্য করে এই হামলা চালানো হয়েছে। .
ইসরায়েলি সামরিক বাহিনীও এই হামলার কথা স্বীকার করে দাবি করেছে, ওই জ্বালানি মজুত কেন্দ্র ও কমপ্লেক্সগুলো ইরানি সেনাবাহিনী ব্যবহার করত। সরকারের সামরিক অবকাঠামো গুঁড়িয়ে দিতেই এই 'তাৎপর্যপূর্ণ' হানা চালানো হয়েছে বলে দাবি করেছে ইসরায়েল।.
তেহরান বড় শহর, প্রায় এক কোটি মানুষের বাস এখানে। ঘিঞ্জি এলাকা হওয়ার কারণে শহরটিতে সামরিক ও বেসামরিক অবকাঠামো খুব কাছাকাছি অবস্থিত। ফলে শনিবারের এই হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতির খবর মিলেছে। ইরানি সংবাদমাধ্যম ও স্থানীয় বাসিন্দারা জানায়, লক্ষ্যবস্তুর কাছাকাছি থাকা বসতবাড়ি, দোকানপাট, রাস্তাঘাট, পানির পাইপলাইন এমনকি বেশ কিছু হাসপাতাল ও স্কুলও ক্ষতিগ্রস্ত হয়েছে।.
রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের তথ্যমতে, দক্ষিণ তেহরানের শাহর রেই জেলায় যে তেল ডিপো আক্রান্ত হয়েছে, তার ঠিক পাশেই রয়েছে শহরের প্রধান তেল শোধনাগার। অনলাইনে ছড়িয়ে পড়া ভিডিয়োতে দেখা গেছে, ওই এলাকা থেকে বিশাল আগুনের শিখা আকাশে উঠছে। .
এর আগে শনিবার ভোরেই ইরানের ব্যস্ততম অভ্যন্তরীণ বিমানবন্দর মেহরাবাদ-এ হামলা চালায় ইসরায়েল। .
প্রত্যক্ষদর্শীরা জানান, বিমানবন্দর থেকে শুরু করে জ্বালানি তেলের ডিপোতে বিস্ফোরণ এতটাই তীব্র ছিল যে মাইলের পর মাইল দূরের বাড়িঘরও কেঁপে ওঠে। আকাশ ঢাকা পড়ে ঘন কালো ধোঁয়ায়।.
কয়েকজন মার্কিন সেনাকে আটকের দাবি ইরানের.
গত সপ্তাহে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইরান বেশ কয়েকজন মার্কিন সেনাকে আটক করেছে বলে দাবি করেছেন দেশটির ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের প্রধান আলি লারিজানি। .
শনিবার সামাজিক যোগাযোগমাধ্যম 'এক্স'-এ দেওয়া এক পোস্টে লারিজিয়ানি লেখেন, মার্কিন প্রশাসন এই বন্দি হওয়ার খবরটি সুকৌশলে ধামাচাপা দিতে চাইছে।.
লারিজিয়ানি তার পোস্টে লিখেছেন, 'আমার কাছে খবর এসেছে যে বেশ কয়েকজন আমেরিকান সেনাকে বন্দি করা হয়েছে। কিন্তু আমেরিকার দাবি, তারা যুদ্ধক্ষেত্রে প্রাণ হারিয়েছেন। মিথ্যে চেষ্টা চালিয়ে সত্যিটাকে খুব বেশি দিন লুকিয়ে রাখা যাবে না।'.
তবে লারিজিয়ানির এই দাবি অস্বীকার করেছে মার্কিন সামরিক বাহিনী। এক বিবৃতিতে মার্কিন নৌবাহিনীর ক্যাপ্টেন টিম হকিন্স বলেন, 'মিথ্যে রটনা ও বিভ্রান্তি ছড়ানোই এখন ইরানি প্রশাসনের প্রধান কাজ।' .
একই সুরে আল জাজিরা অ্যারাবিক-কে দেওয়া এক বিবৃতিতে মার্কিন সেন্ট্রাল কমান্ড-এর (সেন্টকম) একজন মুখপাত্রও ইরানের দাবিকে 'ভিত্তিহীন অপপ্রচার' বলে আখ্যা দিয়েছেন।.
২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে ইরানে হামলা শুরু করার পর থেকে এ পর্যন্ত অন্তত ছয় মার্কিন সেনার মৃত্যু হয়েছে। অন্যদিকে ইরানের সরকারি সংবাদ সংস্থা তাসনিম নিউজ এজেন্সির তথ্যমতে,, এই যুদ্ধে এ পর্যন্ত প্রায় ১৮০ জন শিশুসহ ১ হাজার ৩৩২ জন ইরানির মৃত্যু হয়েছে। .
ইরানের নেতা, নৌবাহিনী, বিমানবাহিনী ও মিসাইল সক্ষমতা নির্মূলের দাবি ট্রাম্পের.
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের বিরুদ্ধে যুদ্ধ আরও 'কিছু দিন' চলবে এবং যুদ্ধের গতিপ্রকৃতি আমেরিকার জন্য 'অবিশ্বাস্য রকমের ইতিবাচক'। মার্কিন অভিযানের ধাক্কায় ইরানের নৌবাহিনী, বিমানবাহিনী ও মিসাইল সক্ষমতা এখন ধ্বংসস্তূপ বলেও দাবি করেন তিনি।.
শনিবার এয়ার ফোর্স ওয়ান-এ ট্রাম্প সাংবাদিকদের বলেন, 'এক সপ্তাহে আমরা যা অর্জন করেছি, তা কেউ কল্পনাও করতে পারেনি। আমরা ওদের গোটা নৌবাহিনী—প্রায় ৪৪টি জাহাজ ধ্বংস করে দিয়েছি। ওদের বিমানবাহিনীীর প্রতিটি প্লেন ধ্বংস হয়ে গেছে।' .
ইরানের সামরিক শক্তিকে পঙ্গু করে দেওয়ার দাবি জানিয়ে তিনি আরও বলেন, 'ওদের অধিকাংশ মিসাইল আমরা ধ্বংস করেছি। আপনারা নিশ্চয় দেখছেন, আগের মতো আর মিসাইল ধেয়ে আসছে না। যেখানে মিসাইল তৈরি হয়, সেই নির্মাণকেন্দ্রগুলোতেও আমরা প্রচণ্ড আঘাত হেনেছি। ওদের ড্রোন তৈরির সক্ষমতা এখন তলানিতে।'.
মার্কিন প্রেসিডেন্ট আরও বলেন, 'ওদের যেখানে আঘাত লাগলে সবচেয়ে বেশি ব্যথা পাবে, ঠিক সেখানেই আমরা মেরেছি। প্রশাসনের প্রায় সব স্তরের নেতৃত্বকেই আমরা নির্মূল করেছি।'.
Ajker Bogura / Md Shourov Hossain
আপনার মতামত লিখুন: