জাতীয় সংসদের চলতি অধিবেশন শেষ হওয়ার পর আগামী মে মাস থেকে সারাদেশে মাদক, জুয়া ও অনলাইন জুয়ার বিরুদ্ধে সমন্বিত অভিযান চালানোর ঘোষণা দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, দেশের যুবসমাজকে রক্ষায় এই অভিযানের কোনো বিকল্প নেই। সোমবার জাতীয় সংসদে কার্যপ্রণালী বিধির ৭১ অনুযায়ী জরুরি জনগুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনার সময় তিনি এ ঘোষণা দেন। রাজধানীতে অবৈধ সিসা লাউঞ্জের বিস্তার নিয়ে উদ্বেগ প্রকাশ করলে জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, সরকার ইতোমধ্যে জুয়া, অনলাইন জুয়া ও মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণ করেছে এবং মে মাস থেকেই আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বয়ে বিশেষ অভিযান শুরু হবে। মন্ত্রী বলেন, অবৈধ সিসা লাউঞ্জগুলোর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, পুলিশ ও অন্যান্য সংস্থা যৌথভাবে কাজ করছে। সম্প্রতি রাজধানীর গুলশান এলাকায় এক অভিযানে বিপুল পরিমাণ সিসা ও হুক্কা জব্দ করা হয়েছে বলেও জানান তিনি। তিনি আরও বলেন, অনেক সিসা লাউঞ্জ নাম ও ঠিকানা পরিবর্তন করে পুনরায় ব্যবসা পরিচালনার চেষ্টা করছে। এ কারণে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে এবং কোনো ব্যক্তি, ব্যবসায়ী কিংবা প্রশাসনের সদস্যের সম্পৃক্ততার প্রমাণ পাওয়া গেলে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।স্বরাষ্ট্রমন্ত্রীর ভাষ্য, অতীতে প্রভাবশালী মহলের ছত্রছায়ায় রাজধানীর বিভিন্ন এলাকায় অবৈধ সিসা বার ও লাউঞ্জ গড়ে উঠেছিল। এসব স্থানে মাদক সেবন, কেনাবেচা ও নানা অনৈতিক কর্মকাণ্ড পরিচালিত হত। বর্তমানে বিট পুলিশিংয়ের মাধ্যমে ভবন মালিকদেরও সচেতন করা হচ্ছে, যাতে আবাসিক কিংবা বাণিজ্যিক ভবনে কোনো অবৈধ সিসা লাউঞ্জ পরিচালিত না হতে পারে।.