বগুড়ার ধুনটে বিএনপি নেতার বিরুদ্ধে চাঁদাবাজি ও হামলার চেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন এক মাংস ব্যবসায়ী।অভিযোগ সূত্রে জানা যায়, ধুনট উপজেলার ঐতিহ্যবাহী মথুরাপুর বাজারে দীর্ঘদিন ধরে ব্যবসায়ীদের কাছ থেকে প্রভাব খাটিয়ে চাঁদা আদায়ের অভিযোগ রয়েছে। সম্প্রতি বাজারের দুই মাংস ব্যবসায়ী সাইদুল ইসলাম ও বেল্লাল হোসেনের কাছে ২০ হাজার টাকা করে চাঁদা দাবি করা হয় বলে অভিযোগ ওঠে। তবে তারা টাকা দিতে অস্বীকৃতি জানালে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।ব্যবসায়ী সাইদুল ইসলামের অভিযোগ, গত ১৫ মে দুপুরে মথুরাপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম ও তার সহযোগীরা দোকানে এসে চাঁদা দাবি করেন। টাকা না দেওয়ায় তারা ক্ষুব্ধ হয়ে মাংস কাটার ছুরি নিয়ে ভয়ভীতি প্রদর্শন ও হামলার চেষ্টা করেন। পরে আশপাশের ব্যবসায়ীরা এগিয়ে এলে অভিযুক্তরা দ্রুত সেখান থেকে চলে যান।এ ঘটনায় বুধবার (২০ মে) ধুনট থানায় লিখিত অভিযোগ দায়ের করেন সাইদুল ইসলাম। অভিযোগে মথুরাপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম, কোষাধ্যক্ষ আসাদুল ইসলামসহ ৮ জনকে আসামি করা হয়েছে।স্থানীয় ব্যবসায়ীরা জানান, বাজারে চাঁদাবাজির প্রতিবাদে এর আগেও তারা মানববন্ধন ও ধর্মঘট কর্মসূচি পালন করেছিলেন। ব্যবসায়ীরা দ্রুত সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।তবে অভিযোগ অস্বীকার করেছেন বিএনপি নেতা রেজাউল ইসলাম। তিনি দাবি করেন, রাজনৈতিক প্রতিপক্ষ পরিকল্পিতভাবে তাকে হয়রানি করতে ব্যবসায়ীকে দিয়ে মিথ্যা অভিযোগ করিয়েছে। তিনি ঘটনার নিরপেক্ষ তদন্ত দাবি করেন।ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম বলেন, অভিযোগটি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।.
Ajker Bogura / ডি আর/ এসএ
আপনার মতামত লিখুন: