বগুড়ায় অটোরিক্সা ও ইজিবাইক ছিনতাইকারী একটি সংঘবদ্ধ চক্রের বিরুদ্ধে অভিযান চালিয়ে সর্দারসহ সাতজনকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। একই সঙ্গে ছিনতাইকৃত চারটি অটোরিক্সা/ইজিবাইক উদ্ধার করা হয়েছে। এসময় চক্রটির ব্যবহৃত দুটি ওয়াকিটকি সেট, একটি প্রাইভেটকার, ছয়টি মোবাইল ফোনসহ বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়।
পুলিশ জানায়, চক্রের সদস্যরা নিজেদের ডিবি পুলিশ, থানা পুলিশ কিংবা সাংবাদিক পরিচয় দিয়ে চালকদের বিভ্রান্ত করত। পরে কৌশলে অটোরিক্সা বা ইজিবাইক নিয়ে পালিয়ে যেত।
ঘটনার সূত্রপাত হয় গত ২৫ এপ্রিল। এক ইজিবাইক চালক একজন অজ্ঞাত যাত্রীকে নিয়ে বগুড়ার টিএমএসএস হাসপাতালে যান। সেখানে আরেক ব্যক্তি এসে নিজেদের মধ্যে কথা বলে চালককে একটি মাইক্রোবাস থেকে কাগজ আনতে পাঠায়। চালক যেতে অনীহা প্রকাশ করলে তাকে ‘সিভিল পুলিশ’ পরিচয়ে ভয়ভীতি দেখানো হয়। চালক দূরে গেলে ফিরে এসে দেখেন, তার ইজিবাইকসহ যাত্রী উধাও। পরবর্তীতে এ ঘটনায় ৫ মে বগুড়া সদর থানায় মামলা দায়ের করা হয়।
মামলার পর পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদের নির্দেশনায় ডিবি পুলিশ তদন্ত শুরু করে। তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ৫ মে ভোরে বগুড়া শহরের চারমাথা এলাকার একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে পাঁচজনকে গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে ছিনতাই কাজে ব্যবহৃত সরঞ্জাম উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতাররা স্বীকার করে, তারা বগুড়া থেকে ছিনতাইকৃত যানবাহন রংপুরের হারাগাছ থানার বানুপাড়া এলাকায় বিক্রি করেছে। পরে ওই এলাকায় অভিযান চালিয়ে আরও দুইজনকে গ্রেফতার করা হয় এবং তাদের কাছ থেকে চারটি ছিনতাইকৃত অটোরিক্সা/ইজিবাইক উদ্ধার করা হয়।
পুলিশের তথ্য অনুযায়ী, গ্রেফতার হওয়া কয়েকজন আসামির বিরুদ্ধে পূর্বে চুরি ও দস্যুতা সংক্রান্ত একাধিক মামলা রয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে তাদের আদালতে পাঠানো হয়েছে এবং পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।.
Ajker Bogura / Samsil Arifin
আপনার মতামত লিখুন: