.
বগুড়ার শিবগঞ্জ উপজেলার সৈয়দপুর ভবানিপুর দাখিল মাদ্রাসা মাঠ সংলগ্ন এলাকায় দীর্ঘদিন ধরেই অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগ উঠেছে। এলাকাবাসীর দাবি, আগে রাতের আঁধারে বালু তোলা হলেও এখন প্রকাশ্যেই দিনের বেলায় ড্রেজার মেশিন বসিয়ে বালু উত্তোলন করা হচ্ছে।স্থানীয়দের অভিযোগ, প্রভাবশালী ব্যক্তি মোঃ সাজু মিয়া পুকুরের তলদেশ থেকে অপরিকল্পিতভাবে ১০ থেকে ২০ ফুট কিংবা তারও বেশি গভীর করে বালু উত্তোলন করছেন। এতে পুকুরের পাড় ভেঙে আশপাশের ফসলি জমি বিলীন হয়ে যাচ্ছে। পাশাপাশি গ্রামীণ সড়ক, চলাচলের পথ এবং কাঁচা-পাকা রাস্তা ঝুঁকির মুখে পড়েছে।এলাকাবাসী জানান, পুকুরের চারপাশে থাকা অনেক বাড়িঘরও এখন হুমকির মুখে। বহু পরিবার ভিটেমাটি হারানোর আতঙ্কে দিন কাটাচ্ছে। তারা অভিযোগ করেন, পুলিশ ঘটনাস্থলে এলেও কার্যকর ব্যবস্থা না নিয়ে ফিরে গেছে।একাধিক স্থানীয় বাসিন্দা বলেন, “বালু দস্যুদের অত্যাচারে আমরা অতিষ্ঠ। প্রশাসনের কাছে বারবার অভিযোগ করেও কোনো স্থায়ী সমাধান পাচ্ছি না। এখন দ্রুত ব্যবস্থা না নিলে বড় ধরনের ক্ষতি হয়ে যাবে।”এ বিষয়ে পুকুরের মালিকের সঙ্গে কথা হলে তিনি বলেন, “এটি আমার নিজস্ব পুকুর। আমি আমার পুকুর থেকে বালু তুলছি। সরকারি জায়গা থেকে তো বালু উত্তোলন করছি না, তাই আলাদা কোনো অনুমতির প্রয়োজন আছে বলে মনে করি না।”তবে স্থানীয় ভূমি অফিস সূত্রে জানা গেছে, এভাবে ড্রেজার মেশিন ব্যবহার করে গভীরভাবে বালু উত্তোলন পরিবেশ ও অবকাঠামোর জন্য মারাত্মক ক্ষতিকর। সংশ্লিষ্ট ইউনিয়নের ভূমি অফিসার রাহানুল জানান, বিষয়টি তাদের নজরে এসেছে এবং বালু উত্তোলন বন্ধ করতে নিষেধ করা হয়েছে। কিন্তু অভিযুক্ত ব্যক্তি তা মানছেন না।তিনি আরও বলেন, “বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) স্যারকে জানানো হয়েছে। দুই দিন আগে জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তাকেও দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য অবহিত করা হয়েছে।”এদিকে প্রশাসনের নীরবতায় ক্ষোভ প্রকাশ করে এলাকাবাসী দ্রুত অভিযান পরিচালনা এবং অবৈধ বালু উত্তোলন বন্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।. .
Ajker Bogura / Samsil Arifin
আপনার মতামত লিখুন: