কুড়িগ্রামের তাইজুল ইসলাম তাজু, যিনি ব্যতিক্রমী কনটেন্ট তৈরি করে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনায় আসেন, তার ফেসবুক পেজ ‘তাজু ভাই ২.০’ হঠাৎ অদৃশ্য হয়ে গেছে। রোববার (৫ এপ্রিল) দুপুরের পর থেকে পেজটি খুঁজে পাওয়া যাচ্ছেনা।
তাইজুল ইসলামের সহযোগী শাহ আলম হোসেন জানান, এটি প্রযুক্তিগত সমস্যার কারণে হতে পারে এবং আশা প্রকাশ করেন, শিগগিরই পেজটি পুনরায় চালু হবে।
মজার ব্যাপার হলো, মাত্র ১০ হাজারের কম ফলোয়ার থাকার পর ২৮ মার্চ পেজটি আকস্মিকভাবে ভাইরাল হয়। ২৬ মার্চ স্বাধীনতা দিবসে চরনারায়ণপুরের স্থানীয় বাজারে “সরকারি রেটে জিলাপি বিক্রি হচ্ছে” শিরোনামে ভিডিওটি প্রকাশ করেন তিনি। তার ভিন্নধর্মী উপস্থাপনা এবং কথা বলার স্টাইলের কারণে ভিডিওটি দ্রুত ছড়িয়ে পড়ে। প্রথমে ট্রল হলেও পরে তা প্রশংসায় রূপ নেয়।
প্রত্যন্ত চরাঞ্চলের একজন দিনমজুর হয়েও তিনি স্থানীয় মানুষের নানা সমস্যাকে তুলে ধরে তৈরি করা ভিডিওর মাধ্যমে অল্প সময়ে এক মিলিয়নেরও বেশি ফলোয়ার অর্জন করেন। হঠাৎ পেজটি অদৃশ্য হওয়ায় নেটিজেনদের মধ্যে হতাশা ও ক্ষোভ দেখা দিয়েছে। অনেকেই এই ঘটনার জন্য অতিরিক্ত ট্রল ও অতি উৎসাহী কনটেন্ট নির্মাতাদের দায়ী করছেন।
স্থানীয় ইউপি সদস্য কবিরুল ইসলাম বলেন, পেজের বিপুল ফলোয়ার ও ভিউয়ের কারণে মেটা কর্তৃপক্ষ যাচাই-বাছাইয়ের অংশ হিসেবে সাময়িকভাবে পেজটি অদৃশ্য করে থাকতে পারে। আশা করা হচ্ছে অল্প সময়ের মধ্যে পেজটি স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে।
তাইজুল ইসলাম তাজু কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার চরাঞ্চল নারায়ণপুর ইউনিয়নের দরিদ্র পরিবারের সন্তান। পেশায় তিনি ঢাকায় রাজমিস্ত্রীর সহযোগী হিসেবে কাজ করতেন। ঈদে গ্রামের বাড়িতে এসে সরকারি রেটের জিলাপি এবং এলাকার সমস্যাগুলো তুলে ধরে ভাইরাল হন।.
Ajker Bogura / ডি আর/ এসএ
আপনার মতামত লিখুন: