ভোলার সদর উপজেলায় এসএসসি পরীক্ষায় অংশ নেওয়া এক শিক্ষার্থীর মৃত্যু ঘিরে এলাকায় শোক ও চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। পরিবারের দাবি, ইংরেজি পরীক্ষায় প্রত্যাশিত ফল না হওয়ায় কয়েক দিন ধরে সে মানসিকভাবে ভেঙে পড়েছিল।
ঘটনাটি ঘটে সোমবার (৪ মে) সকালে ভোলা পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের অফিসার পাড়া এলাকায় ভাড়া বাসায়। নিহত শিক্ষার্থীর নাম তৈয়বা জাহান চৈতি (১৬)। তিনি স্থানীয় মাছুমা খানম বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের ছাত্রী ছিলেন।
পারিবারিক সূত্র জানায়, চৈতি ভোলা কোর্ট পুলিশের কনস্টেবল মো. শাহাবুদ্দিন ফকিরের মেয়ে। তাদের স্থায়ী বাড়ি বরিশালের গৌরনদী উপজেলায়। চলমান এসএসসি পরীক্ষার ইংরেজি বিষয়ে আশানুরূপ ফল না হওয়ায় সে কয়েক দিন ধরে হতাশা ও উদ্বেগে ভুগছিল।
পরিবারের সদস্যরা জানান, ঘটনার সময় তারা বাসার বাইরে ছিলেন। পরে ঘরে ফিরে তাকে অচেতন অবস্থায় দেখতে পান। স্থানীয়দের সহযোগিতায় পুলিশে খবর দেওয়া হলে ভোলা সদর মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
পুলিশ জানায়, প্রাথমিক তদন্তে এটি আত্মহত্যা বলেই ধারণা করা হচ্ছে। তবে ময়নাতদন্ত শেষে বিষয়টি আরও নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় কোনো অভিযোগ পাওয়া যায়নি বলেও জানিয়েছে পুলিশ।
ভোলা সদর মডেল থানার ওসি মুহাম্মদ মনিরুল ইসলাম বলেন, “শিক্ষার্থীদের পরীক্ষার ফল নিয়ে অতিরিক্ত মানসিক চাপ নেওয়া উচিত নয়। পরিবার ও শিক্ষকদের আরও সচেতন হতে হবে।”
মরদেহ পরে দাফনের জন্য গ্রামের বাড়ি বরিশালের গৌরনদীতে নিয়ে যাওয়া হয়।.
Ajker Bogura / টি এম
আপনার মতামত লিখুন: