দেশের বাজারে নতুন ডিজাইন ও সিরিজের ব্যাংক নোট ছাড়তে যাচ্ছে বাংলাদেশ ব্যাংক। ‘বাংলাদেশের ঐতিহাসিক এবং প্রত্নতাত্ত্বিক স্থাপত্য’ শীর্ষক এই নতুন সিরিজের ১০০০, ৫০০ ও ১০ টাকা মূল্যমানের নোট সোমবার (১৮ মে) থেকে আনুষ্ঠানিকভাবে ইস্যু শুরু হয়েছে।.
বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব কমিউনিকেশনস অ্যান্ড পাবলিকেশনস (ডিসিপি) এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, গভর্নর মো. মোস্তাকুর রহমান–এর স্বাক্ষরযুক্ত নতুন নোট প্রথম পর্যায়ে রাজধানীর মতিঝিলস্থ বাংলাদেশ ব্যাংক অফিস থেকে বিতরণ করা হবে। পরে ধাপে ধাপে দেশের অন্যান্য শাখা অফিস থেকেও এসব নোট সরবরাহ করা হবে।.
কেন্দ্রীয় ব্যাংক সূত্রে জানা গেছে, নতুন নোটগুলোতে বাংলাদেশের ঐতিহাসিক ও প্রত্নতাত্ত্বিক স্থাপত্যের নান্দনিক উপস্থাপন রাখা হয়েছে। এর মাধ্যমে দেশের ঐতিহ্য ও সংস্কৃতিকে নতুন প্রজন্মের কাছে আরও আকর্ষণীয়ভাবে তুলে ধরার উদ্যোগ নেওয়া হয়েছে।.
এছাড়াও একই সিরিজের ২০, ৫০ ও ১০০ টাকার নোটও পর্যায়ক্রমে বাজারে ছাড়া হবে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। এসব নোটেও গভর্নর মো. মোস্তাকুর রহমানের স্বাক্ষর থাকবে।.
তবে নতুন নোট চালু হলেও বর্তমানে প্রচলিত সব কাগুজে নোট ও ধাতব মুদ্রা আগের মতোই বৈধ ও সচল থাকবে। নতুন সিরিজের নোটে রং, আকৃতি, ডিজাইন ও নিরাপত্তা বৈশিষ্ট্যে বড় কোনো পরিবর্তন আনা হয়নি বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।.
অর্থনীতিবিদরা বলছেন, নতুন নোট শুধু লেনদেনের মাধ্যম নয়, বরং দেশের ঐতিহ্য ও স্থাপত্য ইতিহাসকে বহনকারী একটি সাংস্কৃতিক প্রতীক হিসেবেও ভূমিকা রাখবে।. .
Ajker Bogura / টি এম
আপনার মতামত লিখুন: