বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার এক নেতাকে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে পদ থেকে অব্যাহতি দিয়েছে। বহিষ্কৃত নেতা হলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাখা ছাত্রদলের যোগাযোগ বিষয়ক সম্পাদক শাহরিয়ার উদ্দিন ফাহাদ।
শনিবার (২৮ ফেব্রুয়ারি) বিকেলে ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত অনুযায়ী এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। বিবৃতিতে জানানো হয়, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে ফাহাদকে তার সাংগঠনিক দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে। ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এই সিদ্ধান্ত অনুমোদন করেছেন। দফতর সম্পাদক জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত বিবৃতিতে বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানানো হয়।
চবি শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল নোমানও বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, প্রতিটি রাজনৈতিক সংগঠনের নিজস্ব শৃঙ্খলা ও নীতিমালা রয়েছে। কেউ যদি দলীয় আদর্শ বা নীতির পরিপন্থি কর্মকাণ্ডে জড়িয়ে পড়েন, তাহলে সংগঠন প্রয়োজনীয় সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করতেই পারে।
দলীয় সূত্রে জানা গেছে, গত ১৩ ফেব্রুয়ারি নিজের ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে কুমিল্লা–৪ আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহকে নিয়ে একটি প্রশংসাসূচক পোস্ট দেন ফাহাদ। সেখানে তিনি উল্লেখ করেন, দল-মত নির্বিশেষে দেবীদ্বারের তরুণদের অনেকে এখন হাসনাতকে অনুসরণ করতে চায়। পোস্টটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ছাত্রদলের অভ্যন্তরে সমালোচনার সৃষ্টি হয় এবং বিষয়টি কেন্দ্রীয় নেতৃত্বের নজরে আসে।
পরবর্তীতে অভিযোগ পর্যালোচনা করে কেন্দ্রীয় সংসদ সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করে।.
Ajker Bogura / ডেস্ক রিপোর্ট
আপনার মতামত লিখুন: