দায়িত্ব পাওয়ার পরদিন, আজ (২৬ ফেব্রুয়ারি) সকাল ১০টা ৪০ মিনিটের দিকে কাজে যোগ দিতে বাংলাদেশ ব্যাংকে এসেছেন নতুন গভর্নর মো. মোস্তাকুর রহমান। .
এ সময় বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর ও ঊর্ধ্বতন কর্মকর্তারা তাকে বরণ করে নেন। .
প্রথম কর্মদিবসে বাংলাদেশ ব্যাংকে প্রবেশের সময় নতুন গভর্নর সাংবাদিকদের বলেন, 'এসেছি, কাজ শুরু করি; তারপর কথা বলা যাবে।'.
গতকাল আহসান এইচ মনসুরের নিয়োগ বাতিল করে ব্যবসায়ী মো. মোস্তাকুর রহমানকে গভর্নর পদে নিয়োগ দিয়েছে সরকার। দেশের ইতিহাসে এই প্রথম কোনো ব্যবসায়ীকে কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।.
মোস্তাকুর রহমান বাংলাদেশ ব্যাংকের ১৪তম গভর্নর। গতকাল অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের এক প্রজ্ঞাপনে বলা হয়, বাংলাদেশ ব্যাংক আদেশ অনুযায়ী মোস্তাকুর রহমানকে অন্য সব প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে কর্মসম্পর্ক পরিত্যাগের শর্তে যোগদানের তারিখ থেকে চার বছরের জন্য বাংলাদেশ ব্যাংকের গভর্নর পদে নিয়োগ প্রদান করা হলো।.
মোস্তাকুর রহমান একজন হিসাববিদ (এফসিএমএ)। তিনি পেশায় ব্যবসায়ী এবং হেরা সোয়েটার্সের ব্যবস্থাপনা পরিচালক। বর্তমানে তিনি বিজিএমইএর বাংলাদেশ ব্যাংক বিষয়ক স্থায়ী কমিটির চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করছেন। .
এছাড়াও মোস্তাকুর রহমান ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির সদস্য ছিলেন।.
মোস্তাকুর রহমানের জন্ম ১৯৬৬ সালে, ঢাকায়। তিনি ১৯৮৭ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে হিসাববিজ্ঞানে স্নাতক ও ও ১৯৮৮ সালে একই বিষয়ে স্নাতকোত্তর সম্পন্ন করেন। তিনি ইনস্টিটিউট অব কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ (আইসিএমএবি)-এর ফেলো সদস্য। তিনি ১৯৯২ সালে কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্ট হিসেবে যোগ্যতা অর্জন করেন। .
৩৩ বছরেরও বেশি সময় ধরে করপোরেট ফাইন্যান্স, রপ্তানি অর্থনীতি, প্রাতিষ্ঠানিক সুশাসন এবং আর্থিক ব্যবস্থাপনা বিষয় নিয়ে কাজ করেছেন মোস্তাকুর রহমান। তিনি ১৯৯৮ থেকে ২০০০ সাল পর্যন্ত চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের বোর্ড সদস্য ছিলেন। .
Ajker Bogura / Md Shourov Hossain
আপনার মতামত লিখুন: