• ঢাকা
  • শুক্রবার, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ; ১১ সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

Advertise your products here

প্রথমবার অংশ নিয়েই চ্যাম্পিয়ন বগুড়া সিটি করপোরেশন


Ajker Bogura ; প্রকাশিত: বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ০৮:৫৫ এএম
ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

বগুড়া জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে প্রথমবার অংশ নিয়েই চ্যাম্পিয়ন হয়েছে বগুড়া সিটি করপোরেশন। বুধবার (৯ সেপ্টেম্বর) বিকেলে শহীদ চান্দু স্টেডিয়ামসংলগ্ন ফুটবল মাঠে অনুষ্ঠিত ফাইনালে টাইব্রেকারে ৫-৪ গোলে বগুড়া সদর উপজেলাকে হারিয়ে শিরোপা জিতে নেয় সিটি করপোরেশন দল।.

নির্ধারিত ৯০ মিনিটের খেলায় দুই দলের কেউই গোল করতে পারেনি। ফলে ম্যাচের নিষ্পত্তি হয় টাইব্রেকারে। প্রথম চারটি করে শটে ৪-৪ সমতা থাকায় খেলা গড়ায় সাডেন ডেথে। সেখানে সদর উপজেলার শেষ শটটি ঠেকিয়ে সিটি করপোরেশনকে শিরোপা এনে দেন গোলরক্ষক আবদুল হাকিম। দুর্দান্ত পারফরম্যান্সের জন্য ম্যাচসেরার পুরস্কারও পান তিনি।.

চ্যাম্পিয়ন দলকে ট্রফির পাশাপাশি নগদ ৩ লাখ টাকা এবং রানার্সআপ বগুড়া সদর উপজেলা দলকে ট্রফি ও দেড় লাখ টাকা পুরস্কার দেওয়া হয়।.

ফাইনাল দেখতে মাঠে হাজারো দর্শকের সমাগম হয়। জায়গার সংকটে অনেক দর্শক গাছের ডাল, আশপাশের ভবনের ছাদ এবং পরিত্যক্ত ফ্লাডলাইটের টাওয়ারে উঠে খেলা দেখেন। কেউ কেউ বাড়ি থেকে কাঠের টুল এনে মাঠের পাশে বসেন। এতে দর্শকদের ভোগান্তির পাশাপাশি নিরাপত্তা নিয়েও উদ্বেগ তৈরি হয়।.

দর্শকদের এই দুর্ভোগের বিষয়টি অনুষ্ঠানের প্রধান অতিথি যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের নজরে আসে। তিনি জানান, খুব শিগগিরই মাঠের চারপাশে গ্যালারি নির্মাণ করা হবে। পাশাপাশি বগুড়ায় আরাফাত রহমান প্যারা স্পোর্টস ভিলেজ নির্মাণের সিদ্ধান্তের কথাও জানান তিনি।.

এর আগে বিশেষ অতিথির বক্তব্যে বগুড়া-৬ আসনের সংসদ সদস্য রেজাউল করিম বাদশা দর্শকদের বসার সুব্যবস্থা না থাকার বিষয়টি তুলে ধরে প্রতিমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন।.

জেলা প্রশাসক তৌফিকুর রহমানের সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানে রাজশাহী বিভাগীয় কমিশনার মো. ইউসুফ আলী, সংসদ সদস্য সুরাইয়া জেরিন, বগুড়া সিটি করপোরেশনের প্রশাসক এম আর ইসলাম স্বাধীন, পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।.

জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থার যৌথ আয়োজনে আয়োজিত টুর্নামেন্টে বগুড়ার ১৩টি উপজেলা ও বগুড়া সিটি করপোরেশন দল অংশ নেয়। শুরু থেকেই টুর্নামেন্ট ঘিরে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক আগ্রহ ছিল। ফাইনালকে কেন্দ্র করে শহীদ চান্দু স্টেডিয়ামসংলগ্ন মাঠে নামে ফুটবলপ্রেমীদের ঢল।. .

Ajker Bogura / ডি আর/ এসএ

খেলাধুলা বিভাগের জনপ্রিয় সংবাদ