বগুড়া জেলার আদমদীঘি উপজেলা সদরের পশ্চিম বাজার ব্রিজসংলগ্ন এলাকায় আঞ্চলিক মহাসড়কের জমি দখল করে পাকা স্থাপনা নির্মাণের অভিযোগ উঠেছে স্থানীয় এক প্রভাবশালী ব্যক্তি হারুনুর রশিদ ভোলা বিরুদ্ধে। অভিযোগ অনুযায়ী, সড়ক ও জনপথ বিভাগের (সওজ) অধীন সরকারি জায়গা এবং পাশের খাল ভরাট করে প্রকাশ্যে এই নির্মাণকাজ চলছে।.
রোববার সরেজমিনে দেখা যায়, নওগাঁ-ঢাকা আঞ্চলিক মহাসড়কের দক্ষিণ পাশে সরকারি জমির ওপর ইট-সিমেন্ট দিয়ে স্থায়ী স্থাপনা গড়ে তোলা হচ্ছে। স্থানীয়দের দাবি, দীর্ঘদিন ধরেই ওই ব্যক্তি রাজনৈতিক প্রভাব খাটিয়ে এলাকায় আধিপত্য বিস্তার করে আসছিলেন। অতীতে তিনি ক্ষমতাসীন রাজনৈতিক বলয়ের ঘনিষ্ঠ হওয়ায় প্রশাসনিক নজরদারি এড়িয়ে এই দখল কার্যক্রম শুরু করেন। পরবর্তীতে রাজনৈতিক পটপরিবর্তনের সময় কিছুদিন কাজ বন্ধ থাকলেও বর্তমানে আবার তা পুরোদমে চালু হয়েছে।.
অভিযোগ রয়েছে, এখন তিনি নিজেকে নতুন ক্ষমতাসীন দলের সমর্থক পরিচয় দিয়ে একইভাবে প্রভাব খাটিয়ে যাচ্ছেন। এতে স্থানীয়দের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছে। তারা দ্রুত এই অবৈধ দখল বন্ধ এবং দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।.
অভিযুক্ত হারুনুর রশিদ ভোলা নিজেই বৈধ কাগজপত্র ছাড়াই নির্মাণকাজ করার বিষয়টি স্বীকার করেছেন, যা অভিযোগকে আরও জোরালো করেছে।.
এদিকে স্থানীয় রাজনীতিকরা বিষয়টি এড়িয়ে গিয়ে ব্যক্তিগত দায় হিসেবে দেখছেন। উপজেলা বিএনপির এক নেতা বলেন, কোনো ব্যক্তির অবৈধ কাজের দায় দল নেবে না এবং বিষয়টি গণমাধ্যমে তুলে ধরার পরামর্শ দেন।.
প্রশাসনের পক্ষ থেকে এখনো সরাসরি কোনো পদক্ষেপ দেখা না গেলেও, উপজেলা নির্বাহী কর্মকর্তা জানিয়েছেন—লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। একইভাবে সওজ কর্তৃপক্ষও ঘটনাস্থল পরিদর্শনের পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে।. .
Ajker Bogura / টি এম
আপনার মতামত লিখুন: