বগুড়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছেন মোছাঃ রিমু আক্তার। সোমবার আয়োজিত এ সংবাদ সম্মেলনে তিনি লিখিত বক্তব্য পাঠ করে নিজের ও পরিবারের চরম নিরাপত্তাহীনতার কথা তুলে ধরেন।.
লিখিত বক্তব্যে রিমু আক্তার বলেন, গত ২৯ অক্টোবর একই স্থানে তিনি এ্যাপোলো পাওয়ার লিংক-এর স্বত্বাধিকারী মাহবুব সাঈদী ও তার সহযোগীদের বিরুদ্ধে নির্যাতন ও অর্থ আত্মসাতের অভিযোগ তুলে ধরেছিলেন। সে সময় তিনি আশা করেছিলেন, গণমাধ্যমের মাধ্যমে বিষয়টি প্রশাসনের নজরে আসবে এবং তিনি বিচার পাবেন। কিন্তু দীর্ঘ সময় পার হলেও কাঙ্ক্ষিত কোনো প্রতিকার পাননি বলে দাবি করেন তিনি।.
তিনি অভিযোগ করেন, প্রথম সংবাদ সম্মেলনের পর ন্যায়বিচারের আশায় প্রশাসনের বিভিন্ন দপ্তরে যোগাযোগ করলেও কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। বরং মাহবুব সাঈদী ও তার ম্যানেজার রুবেলের প্রভাবের কারণে তার ও পরিবারের বিরুদ্ধে একাধিক মিথ্যা মামলা দায়ের করা হয়েছে। সাম্প্রতিক একটি মামলায় (২২৪৯ সি/২০২৪ সদর) প্রভাব খাটিয়ে ভুয়া তদন্ত প্রতিবেদন দাখিল করে তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে বলেও দাবি করেন তিনি।.
রিমু আক্তার বলেন, জামিনের অর্থ জোগাড় করতে তার মাকে ব্যক্তিগত গহনা বিক্রি করতে হয়েছে। বর্তমানে পরিবারটি চরম আর্থিক সংকটে দিনযাপন করছে। তার বাবার কষ্টার্জিত প্রায় ৫০ লাখ টাকা আত্মসাতের অভিযোগ তুলে তিনি বলেন, উল্টো এখন তার পরিবারকেই আসামি করে হয়রানি করা হচ্ছে।.
তিনি আরও দাবি করেন, মাহবুব সাঈদীর অনুসারী সন্ত্রাসীরা তাদের নিয়মিত হুমকি দিচ্ছে এবং পরিবারের একমাত্র আয়ের উৎস টিএমএসএস হাসপাতালের পেছনে অবস্থিত ছোট চায়ের দোকানেও ভীতিকর পরিস্থিতি সৃষ্টি করছে। তার ছোট বোনকে অপহরণের হুমকি দেওয়া হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। অসুস্থ বাবার শারীরিক অবস্থার অবনতি এবং পুলিশি হয়রানিতে পরিবারটি মানসিকভাবে ভেঙে পড়েছে বলে উল্লেখ করেন।.
সংবাদ সম্মেলনে তিনি বলেন, একজন নারী ও ভুক্তভোগী হিসেবে তার দেয়ালে পিঠ ঠেকে গেছে। একদিকে অর্থ আত্মসাতের অভিযোগ, অন্যদিকে মিথ্যা মামলা ও প্রাণনাশের আশঙ্কায় পরিবারটি চরম অনিশ্চয়তায় রয়েছে।.
তিনি রাষ্ট্র ও প্রশাসনের ঊর্ধ্বতন মহলের জরুরি হস্তক্ষেপ কামনা করে বলেন, অবিলম্বে তাদের নিরাপত্তা নিশ্চিত করা এবং মিথ্যা মামলাগুলো প্রত্যাহার করা না হলে পরিস্থিতি ভয়াবহ পরিণতির দিকে যেতে পারে।.
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন মোছাঃ রিমু আক্তার।. .
Ajker Bogura / ডেস্ক রিপোর্ট
আপনার মতামত লিখুন: