ভারত থেকে পাইপলাইনে দুই দিনে পার্বতীপুরে এলো ৫ হাজার টন ডিজেল
ভারতের আসামের নুমালিগড় রিফাইনারি থেকে পাইপলাইনের মাধ্যমে দিনাজপুরের পার্বতীপুর রেলহেড ডিপোতে ডিজেল সরবরাহ শুরু হয়েছে। দুই দিনে মোট ৫ হাজার টন ডিজেল পার্বতীপুর রেলহেড ডিপোতে পৌঁছেছে।
মঙ্গলবার পার্বতীপুর রেলহেড ডিপোর দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা আহসান হাবিব বিষয়টি নিশ্চিত করেছেন। ডিপো সূত্রে জানা গেছে, চলতি মার্চ মাসে এটি প্রথম চালান। এ মাসে আরও প্রায় ৫০ হাজার টন ডিজেল সরবরাহের জন্য বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের পক্ষ থেকে ভারতের কাছে অনুরোধ জানানো হয়েছে।
ভারতের পশ্চিমবঙ্গের শিলিগুড়ি হয়ে নির্মিত ভারত বাংলাদেশ মৈত্রী পাইপলাইনের মাধ্যমে এই জ্বালানি তেল বাংলাদেশে আসছে। প্রায় ১৩১ দশমিক ৫ কিলোমিটার দীর্ঘ এই পাইপলাইনের প্রায় ৫ কিলোমিটার ভারতের ভেতরে এবং বাকি ১২৬ দশমিক ৫ কিলোমিটার বাংলাদেশের অংশে অবস্থিত।
২০২৩ সালের মার্চ মাসে এই পাইপলাইনের মাধ্যমে বাংলাদেশে জ্বালানি তেল আমদানি শুরু হয়। দুই দেশের চুক্তি অনুযায়ী পাইপলাইন চালুর পর প্রথম তিন বছর প্রতি বছর ২ লাখ টন ডিজেল সরবরাহ করা হবে। এরপরের তিন বছরে সরবরাহ বাড়িয়ে বছরে ৩ লাখ টন এবং পরবর্তী চার বছরে তা বাড়িয়ে বছরে ৫ লাখ টন পর্যন্ত নেওয়ার পরিকল্পনা রয়েছে।
ডিপো সূত্রে আরও জানা যায়, দিনাজপুরের পার্বতীপুরে অবস্থিত এই রেলহেড ডিপো থেকে প্রতিদিন রংপুর বিভাগের লালমনিরহাট, কুড়িগ্রাম, নীলফামারী, গাইবান্ধা, রংপুর, দিনাজপুর, পঞ্চগড় ও ঠাকুরগাঁও জেলায় জ্বালানি তেল সরবরাহ করা হয়। বর্তমানে ডিপোতে প্রায় ৪৫ লাখ লিটার জ্বালানি তেল মজুত রয়েছে।
ডিপোর দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা আহসান হাবিব জানান, এই পাইপলাইনের মাধ্যমে বছরে সর্বোচ্চ ১০ লাখ টন পর্যন্ত ডিজেল সরবরাহের সক্ষমতা রয়েছে। পাইপলাইনের মাধ্যমে ভারত থেকে তেল বাংলাদেশে পৌঁছাতে সময় লাগে প্রায় দুই থেকে তিন দিন।.
Ajker Bogura / সামসিল আরিফিন
আপনার মতামত লিখুন: