• ঢাকা
  • রবিবার, ২২ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ; ০৫ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

Advertise your products here

বগুড়ায় সাংবাদিককে প্রাণনাশের হুমকি, থানায় জিডি


Ajker Bogura ; প্রকাশিত: রবিবার, ০৫ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ০১:৪৬ পিএম
ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

বগুড়ার সোনাতলা উপজেলায় পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে প্রাণনাশের হুমকির শিকার হয়েছেন সাংবাদিক রমিন আহম্মেদ বিকাশ। তিনি দৈনিক কালবেলা ও দৈনিক প্রত্যাশা প্রতিদিন পত্রিকার সোনাতলা উপজেলা প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছেন এবং সোনাতলা প্রেসক্লাবের একজন সক্রিয় সদস্য।.

ঘটনার পরিপ্রেক্ষিতে তিনি সোনাতলা উপজেলার বালুয়া ইউনিয়নের কৃষক দলের আহ্বায়ক আনিছুর রহমান আনিছের বিরুদ্ধে থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। শনিবার (৪ এপ্রিল) দায়ের করা এই জিডিতে উল্লেখ করা হয়, আনিছুর রহমান বড় বালুয়া গ্রামের মৃত আব্দুস সালামের ছেলে।.

স্থানীয় সূত্রে জানা গেছে, সম্প্রতি বালুয়াহাটের হতদরিদ্র পুরাতন কাঁচামাল ব্যবসায়ী আফজাল হোসেনকে হাট ইজারাদারের মাধ্যমে জোরপূর্বক উচ্ছেদের অভিযোগ তুলে ‘গোধূলি বার্তা’ নামের একটি ফেসবুক পেজে সংবাদ প্রকাশ করেন সাংবাদিক রমিন। এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে আনিছুর রহমান আনিছ তাকে মোবাইল ফোনে ডেকে নিয়ে অকথ্য ভাষায় গালাগালি করেন এবং প্রকাশিত সংবাদ সরিয়ে না নিলে প্রাণনাশের হুমকি দেন বলে অভিযোগ ওঠে।.

সাংবাদিক রমিন আহম্মেদ বিকাশ জানান, গত ৩ এপ্রিল তিনি উচ্ছেদের ঘটনাটি নিয়ে প্রতিবেদন প্রকাশ করেন। এর জের ধরেই তাকে ডেকে নিয়ে ভয়ভীতি ও হুমকি দেওয়া হয়। নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি থানার শরণাপন্ন হয়েছেন।.

এ বিষয়ে সোনাতলা থানার অফিসার ইনচার্জ (ওসি) কবীর হোসেন বলেন, এ ঘটনায় একটি সাধারণ ডায়েরি গ্রহণ করা হয়েছে এবং বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।.

অভিযুক্ত আনিছুর রহমান আনিছের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। এদিকে সোনাতলা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জিয়াউল হক লিপন আকন্দ জানান, বিষয়টি তার জানা নেই। তবে সাংবাদিকরা সমাজের দর্পণ—তাদের সঙ্গে অসদাচরণ করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তিনি বিষয়টি খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন।. .

Ajker Bogura / ডি আর/ এসএ

অপরাধ বিভাগের জনপ্রিয় সংবাদ