প্রাথমিক বিদ্যালয়ের প্রায় ২ লাখ শিক্ষার্থীকে বিনামূল্যে স্কুল ড্রেস দেওয়ার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (১ এপ্রিল) জাতীয় সংসদ অধিবেশনে সংসদ সদস্যদের প্রশ্নের জবাব দিতে গিয়ে তিনি এ তথ্য জানান। প্রধানমন্ত্রী বলেন, যারা ভোট দিয়েছেন তাদের প্রতি কৃতজ্ঞতা থাকলেও যারা ভোট দেননি, তাদের জন্যও সমানভাবে কাজ করা সরকারের দায়িত্ব। তিনি জানান, নির্বাচনী ইশতেহার অনুযায়ী ইতোমধ্যে বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম শুরু হয়েছে। এ সময় তিনি আরও বলেন, চলতি বর্ষা মৌসুমে দেড় কোটি বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করা হবে। পাশাপাশি ফ্যামিলি ও কৃষক কার্ড চালুর ফলে মূল্যস্ফীতি বাড়ার আশঙ্কা নেই; বরং এটি প্রান্তিক মানুষের অর্থনীতিকে সচল করবে। তিনি জানান, আগামী তিন মাসে আরও ৩০ হাজার পরিবারকে এবং আগামী চার বছরে প্রায় ৪ কোটি পরিবারকে ফ্যামিলি কার্ডের আওতায় আনা হবে। সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে, প্রধানমন্ত্রীর প্রশ্নোত্তর পর্বের জন্য ওই দিনের কার্যসূচিতে ৩০ মিনিট সময় নির্ধারিত ছিল। এর আগে সংসদে নির্দিষ্ট দিনে প্রধানমন্ত্রীর প্রশ্নোত্তর পর্ব চালুর প্রস্তাবও উত্থাপন করা হয়।.
Ajker Bogura / ডি আর/ এসএ
আপনার মতামত লিখুন: