ফতে আলী বাজারে খুচরায় কেজি ৩৪০ টাকা, মহাস্থান পাইকারি বাজারেও ঊর্ধ্বমুখী দাম; টানা বৃষ্টি ও সরবরাহ সংকটকে দায়ী করছেন ব্যবসায়ীরা। বগুড়ার বাজারে হঠাৎ করেই অস্বাভাবিকভাবে বেড়ে গেছে কাঁচা মরিচের দাম। সোমবার (২৭ জুলাই) শহরের ফতে আলী বাজারে প্রতি কেজি কাঁচা মরিচ ৩৪০ টাকায় বিক্রি হতে দেখা গেছে। একই সময়ে মহাস্থান পাইকারি বাজারেও মরিচের দাম উল্লেখযোগ্যভাবে বেড়েছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। ব্যবসায়ীদের দাবি, টানা বৃষ্টি, বিভিন্ন অঞ্চলের মরিচক্ষেতে পানি জমে উৎপাদন কমে যাওয়া এবং বাজারে সরবরাহ হ্রাস পাওয়ায় দাম দ্রুত বেড়েছে। ফলে পাইকারি বাজারে দাম বাড়ার সরাসরি প্রভাব পড়েছে খুচরা বাজারে। দেশের বিভিন্ন এলাকাতেও সাম্প্রতিক সময়ে কাঁচা মরিচের দামে বড় ধরনের ঊর্ধ্বগতি দেখা গেছে। ফতে আলী বাজারের একাধিক বিক্রেতা জানান, কয়েকদিন আগেও যে মরিচ অনেক কম দামে বিক্রি হয়েছে, এখন সেটিই ৩৪০ টাকা কেজিতে বিক্রি করতে হচ্ছে। অন্যদিকে মহাস্থানের পাইকারি আড়তে দাম আরও বাড়ায় খুচরা ব্যবসায়ীরাও বেশি দামে মরিচ কিনতে বাধ্য হচ্ছেন।এদিকে দাম বৃদ্ধিতে বিপাকে পড়েছেন সাধারণ ক্রেতারা। অনেকেই আগের তুলনায় কম পরিমাণে মরিচ কিনছেন। ক্রেতাদের অভিযোগ, প্রতিদিনই বাজারে নতুন দামে মরিচ বিক্রি হচ্ছে, ফলে নিত্যপ্রয়োজনীয় এই পণ্য কেনা কঠিন হয়ে পড়েছে। ব্যবসায়ীদের আশা, আবহাওয়া স্বাভাবিক হলে এবং বিভিন্ন উৎপাদন এলাকা থেকে সরবরাহ বাড়লে আগামী কয়েক দিনের মধ্যে কাঁচা মরিচের বাজার কিছুটা স্থিতিশীল হতে পারে। .
Ajker Bogura / ডি আর/ এসএ (সামসিল আরিফিন)
আপনার মতামত লিখুন: