বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান আজ সোমবার (২০ এপ্রিল ২০২৬) বগুড়া জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গণে এক অনুষ্ঠানের মাধ্যমে ই-বেইলবন্ড কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। বিচার ব্যবস্থাকে আরও আধুনিক, দ্রুত ও স্বচ্ছ করার লক্ষ্যে এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে বলে জানা গেছে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, প্রযুক্তিনির্ভর বিচার ব্যবস্থাই সময়ের দাবি। ই-বেইলবন্ড চালুর মাধ্যমে জামিন সংক্রান্ত জটিলতা কমবে এবং সাধারণ মানুষের ভোগান্তি হ্রাস পাবে। একই সঙ্গে আদালতের কার্যক্রম আরও গতিশীল ও দক্ষ হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
এই ই-বেইলবন্ড কার্যক্রমের আওতায় প্রাথমিকভাবে বগুড়া ছাড়াও ঝিনাইদহ, কুষ্টিয়া, নাটোর, রাজশাহী, মাগুরা ও যশোর জেলায় এটি চালু করা হয়েছে। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে জামিন বন্ড দাখিলের ফলে সময় ও খরচ দুটোই কমবে এবং আদালতের কার্যক্রমে স্বচ্ছতা বাড়বে।
অনুষ্ঠানে বিচার বিভাগীয় কর্মকর্তা, প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, আইনজীবীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। উদ্বোধনের মধ্য দিয়ে দেশের বিচার ব্যবস্থায় ডিজিটাল রূপান্তরের আরেকটি গুরুত্বপূর্ণ অধ্যায়ের সূচনা হলো বলে সংশ্লিষ্টরা মনে করছেন।.
Ajker Bogura / ডি আর/ এসএ
আপনার মতামত লিখুন: