• ঢাকা
  • বুধবার, ১৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ; ২৯ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

Advertise your products here

সরকারি হচ্ছে গাবতলীর শহীদ জিয়া ডিগ্রি কলেজ, শুরু আনুষ্ঠানিক প্রক্রিয়া


Ajker Bogura ; প্রকাশিত: বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ০৭:২০ পিএম
ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত (এডিটেড)

বগুড়ার গাবতলী উপজেলার বাগবাড়ী এলাকায় অবস্থিত শহীদ জিয়া ডিগ্রি কলেজ সরকারিকরণের প্রক্রিয়া আনুষ্ঠানিকভাবে শুরু হওয়ায় পুরো এলাকায় আনন্দের আবহ তৈরি হয়েছে। প্রধানমন্ত্রীর ঘোষণার মাত্র ৯ দিনের মাথায় বুধবার (২৯ এপ্রিল) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে এ সংক্রান্ত একটি চিঠি জারি করা হয়, যা কলেজটির সরকারিকরণের পথে গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে। মন্ত্রণালয়ের বেসরকারি কলেজ-৬ শাখার সিনিয়র সহকারী সচিব মনজুরুল আলম স্বাক্ষরিত ওই চিঠিতে উল্লেখ করা হয়েছে যে, গাবতলী উপজেলার শহীদ জিয়া ডিগ্রি কলেজ সরকারি করার লক্ষ্যে প্রধানমন্ত্রী সদয় সম্মতি প্রদান করেছেন। সরকারিকরণের অংশ হিসেবে কলেজটির নতুন নিয়োগ ও স্থাবর-অস্থাবর সম্পদ হস্তান্তরের ওপর সাময়িক নিষেধাজ্ঞা আরোপ, সরেজমিন তদন্ত, আর্থিক ও আইনগত অবস্থা যাচাই এবং পূর্ণাঙ্গ প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে। মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালককে দ্রুত এসব কার্যক্রম সম্পন্ন করে প্রতিবেদন পাঠাতে বলা হয়েছে। এর আগে গত ২০ এপ্রিল বগুড়া সফরকালে কলেজ মাঠে আয়োজিত এক অনুষ্ঠানে স্থানীয় জনতার দাবির মুখে প্রধানমন্ত্রী তাৎক্ষণিকভাবে শহীদ জিয়া ডিগ্রি কলেজ সরকারি করার ঘোষণা দেন। প্রধানমন্ত্রীর সেই ঘোষণার দ্রুত বাস্তবায়ন শুরু হওয়ায় স্থানীয় বাসিন্দা, শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে স্বস্তি ও উচ্ছ্বাস দেখা দিয়েছে। এলাকাবাসীর বিশ্বাস, শহীদ জিয়া ডিগ্রি কলেজ সরকারি হলে গাবতলীসহ আশপাশের বিস্তীর্ণ অঞ্চলের শিক্ষার্থীরা উন্নত উচ্চশিক্ষার সুযোগ পাবে, শিক্ষা ব্যবস্থার মান বাড়বে এবং গ্রামীণ জনপদের বহুদিনের প্রত্যাশিত একটি স্বপ্ন বাস্তবে রূপ নেবে।.

.

Ajker Bogura / ডি আর/ এস এ

শিক্ষা বিভাগের জনপ্রিয় সংবাদ