জ্বালানি সংকটকে সাময়িক সমস্যা নয় বরং মধ্যমেয়াদি একটি বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছেন জ্বালানি খাতের বিশেষজ্ঞরা। তাদের মতে, বর্তমান সমস্যার কার্যকর সমাধান না হলে ভবিষ্যতে এই সংকট আরও ঘন ঘন দেখা দিতে পারে। তাই এখনই জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করার জন্য সুদূরপ্রসারী পদক্ষেপ নেওয়া জরুরি।
গতকাল শনিবার গবেষণা প্রতিষ্ঠান পাওয়ার অ্যান্ড পার্টিসিপেশন রিসার্চ সেন্টার (পিপিআরসি) আয়োজিত “জ্বালানির ফাঁদে বন্দি অর্থনীতি” শীর্ষক নীতি সংলাপে এসব মতামত উঠে আসে। সংলাপে জ্বালানি, শিল্প ও কৃষি খাতের বিশিষ্ট বিশেষজ্ঞরা অংশ নেন।
বক্তারা বলেন, জ্বালানি সংকটকে সুযোগ হিসেবে নিয়ে সৌরবিদ্যুৎ ও অন্যান্য নবায়নযোগ্য জ্বালানিতে বড় ধরনের বিনিয়োগ বাড়ানো প্রয়োজন। পাশাপাশি জ্বালানি তেলের মজুত ক্ষমতা বৃদ্ধি এবং পরিশোধন সক্ষমতা উন্নয়নের ওপরও গুরুত্ব দেওয়া হয়।
অনুষ্ঠানে পিপিআরসির নির্বাহী চেয়ারম্যান হোসেন জিল্লুর রহমান বলেন, বর্তমান সংকট মোকাবিলা করা গেলেও ব্যবস্থাপনা ও আমদানি কাঠামোতে মধ্যমেয়াদি উন্নয়ন না হলে এই সমস্যা দীর্ঘস্থায়ী হতে পারে। তিনি আরও বলেন, অনেক ক্ষেত্রে নীতিগত সিদ্ধান্ত শুধু চাহিদা নিয়ন্ত্রণেই সীমাবদ্ধ ছিল, যা দীর্ঘমেয়াদে কার্যকর নয়।
পেট্রোল পাম্প মালিক সমিতির সভাপতি মোহাম্মদ নাজমুল হক বলেন, আতঙ্ক ও মজুত প্রবণতার কারণে বাজারে অস্থিরতা তৈরি হয়েছিল। কেউ কেউ প্রয়োজনের চেয়ে বেশি জ্বালানি সংগ্রহ করায় সরবরাহ ব্যবস্থায় চাপ পড়ে।
সাবেক জ্বালানি সচিব এ কে এম জাফর উল্লাহ খান বলেন, জ্বালানি নিরাপত্তার মূল ভিত্তি হলো পর্যাপ্ত মজুত ও নিরবচ্ছিন্ন সরবরাহ। আন্তর্জাতিক বাজারের সঙ্গে মূল্য সমন্বয় অবশ্যম্ভাবী হলেও সরবরাহ ব্যবস্থাকে স্থিতিশীল রাখা জরুরি।
কৃষি খাতের বাস্তবতা তুলে ধরে সাবেক উপাচার্য এ সত্তার মণ্ডল বলেন, কৃষিতে মেশিন নির্ভরতা বাড়ায় ডিজেলের চাহিদা দ্রুত বৃদ্ধি পাচ্ছে, যা ভবিষ্যতে আরও বাড়বে।
বিশেষজ্ঞরা আরও বলেন, বৈশ্বিক জ্বালানি বাজারের ওঠানামা বাংলাদেশের অর্থনীতিতে সরাসরি প্রভাব ফেলে। তাই বিকল্প উৎস খুঁজে বের করা, স্টোরেজ সক্ষমতা বৃদ্ধি এবং সমন্বিত নীতি গ্রহণ এখন সময়ের দাবি।
আলোচনার শেষে বক্তারা একমত হন যে, বাংলাদেশের জ্বালানি সংকট কেবল অস্থায়ী নয়; বরং এটি কাঠামোগত দুর্বলতার ফল। তাই দীর্ঘমেয়াদি পরিকল্পনা, প্রাতিষ্ঠানিক সমন্বয় এবং নবায়নযোগ্য জ্বালানির দিকে দ্রুত অগ্রসর হওয়াই টেকসই সমাধানের পথ।.
Ajker Bogura / টি এম
আপনার মতামত লিখুন: