বগুড়ার শাজাহানপুর উপজেলার আশেকপুর ইউনিয়নের সাবরুল বাগিনাপাড়া গ্রামে ৫ লাখ টাকা চাঁদা দাবিকে কেন্দ্র করে এক গৃহবধূর বসতবাড়িতে হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী আয়েশা ছিদ্দিকা (২০) শাজাহানপুর থানায় ১২ জনের নাম উল্লেখ করে এবং আরও ৭ থেকে ৮ জন অজ্ঞাত ব্যক্তিকে আসামি করে লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে বলা হয়েছে, দীর্ঘ ১৯ মাস কারাবন্দী থাকার পর গত ৩০ মার্চ তার স্বামী জামিনে বাড়ি ফেরেন। এরপর থেকেই স্থানীয় আপেল ও ইমন নামে দুই ব্যক্তি তার স্বামীর কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি করে বিভিন্নভাবে হুমকি দিয়ে আসছিলেন। এরই ধারাবাহিকতায় গত রবিবার দুপুর ১২টার দিকে অভিযুক্তরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘবদ্ধভাবে তাদের বাড়িতে ঢুকে ঘরের আসবাবপত্র ভাঙচুর চালায়। হামলার সময় আয়েশা ছিদ্দিকা ও তার শাশুড়ি মোছা. নাজমা (৭০) বাধা দিতে গেলে তাদের প্রাণনাশের হুমকি দেওয়া হয়। ভুক্তভোগীর দাবি, এ ঘটনায় প্রায় দেড় লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। এ বিষয়ে তদন্ত কর্মকর্তা এএসআই ইয়াছিন আলী জানিয়েছেন, অভিযোগ গ্রহণ করা হয়েছে এবং তদন্ত শেষে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।.
Ajker Bogura / ডি আর/ এস এ
আপনার মতামত লিখুন: