• ঢাকা
  • শনিবার, ২৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ; ১৪ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

Advertise your products here

বগুড়াবাসীর বঞ্চিত অধিকার ফিরিয়ে দেবেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন


Ajker Bogura ; প্রকাশিত: শুক্রবার, ১৩ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ০৫:১৮ পিএম
বগুড়াবাসীর বঞ্চিত অধিকার ফিরিয়ে দেবেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন
ছবি: সংগৃহীত

তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, বগুড়াবাসী দীর্ঘদিন ধরে যেসব অধিকার ও সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হয়েছেন সেগুলো চিহ্নিত করে তালিকা তৈরি করা হবে এবং ধাপে ধাপে সেসব অধিকার ফিরিয়ে দেওয়া হবে। একইসঙ্গে বগুড়া প্রেসক্লাবকে আধুনিক ও পূর্ণাঙ্গ অবকাঠামোয় নির্মাণের দায়িত্বও তিনি মন্ত্রী হিসেবে নেবেন বলে জানান।.

শুক্রবার (১৩ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে করতোয়া কনভেনশন সেন্টারে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানের আয়োজন করে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট। এতে রাজশাহী বিভাগের সাত জেলার সাংবাদিকদের আর্থিক সহায়তা এবং সাংবাদিক পরিবারের মেধাবী সন্তানদের শিক্ষাবৃত্তির চেক বিতরণ করা হয়।.

মন্ত্রী বলেন, বর্তমান সরকারের দায়িত্ব গ্রহণের সময় এখনো খুব অল্প। অনেকের ভোটের কালির দাগও শুকায়নি। তবে এরই মধ্যে মাননীয় প্রধানমন্ত্রী জনগণের কল্যাণে বিভিন্ন কার্যক্রম শুরু করেছেন।.

তিনি জানান, সরকারের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নের অংশ হিসেবে ফ্যামিলি কার্ড বিতরণ শুরু হয়েছে। পাশাপাশি কৃষকদের জন্য কৃষক কার্ড বিতরণের কাজ চলছে এবং কৃষিঋণ মওকুফের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এসব উদ্যোগ সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।.

সরকারের নতুন কর্মধারা তুলে ধরে মন্ত্রী বলেন, স্বচ্ছতা ও জবাবদিহিতা প্রতিষ্ঠার লক্ষ্য নিয়ে সরকার কাজ শুরু করেছে। তিনি উল্লেখ করেন, সংসদ সদস্যরা কেউ সরকারি গাড়ি বা প্লট গ্রহণ করবেন না—এমন সিদ্ধান্তের মধ্য দিয়ে সরকারের নীতিগত অবস্থান স্পষ্ট হয়েছে।.

গণমাধ্যমের ভূমিকার কথা উল্লেখ করে জহির উদ্দিন স্বপন বলেন, রাষ্ট্রের প্রকৃত মালিক জনগণ এবং সেই জনগণের কথা তুলে ধরার ক্ষেত্রে গণমাধ্যমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। গণমাধ্যম রাষ্ট্রের আয়নার মতো কাজ করে এবং রাষ্ট্র পরিচালনায় স্বচ্ছতা নিশ্চিত করতে এটি অপরিহার্য।.

তিনি আরও বলেন, সাংবাদিকদের কল্যাণে সরকারের নেওয়া উদ্যোগগুলো কোনো অনুদান নয়; বরং গণমাধ্যমকে শক্তিশালী ও স্বাধীনভাবে কাজ করার পরিবেশ নিশ্চিত করার একটি প্রাতিষ্ঠানিক প্রয়াস।.

মোহাম্মদ আবদুল বাছির (বাছির জামাল)–এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন।.

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন মো. তৌফিকুর রহমান, রেজাউল করিম বাদশা, কালাম আজাদ, মোজাম্মেল হক লালু, আতোয়ার রহমান, রেজাউল হাসান রানু এবং গণেশ দাস।.

অনুষ্ঠানে রাজশাহী বিভাগের সাত জেলার বিপুলসংখ্যক সাংবাদিক ও তাদের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। এ সময় সাংবাদিকদের মাঝে আর্থিক সহায়তার চেক এবং সাংবাদিক পরিবারের মেধাবী সন্তানদের শিক্ষাবৃত্তির চেক বিতরণ করা হয়।. .

Ajker Bogura / তাহমিদ জাওয়াদ

গণমাধ্যম বিভাগের জনপ্রিয় সংবাদ