উৎসবের আবহে উন্নয়নের বার্তা:.
পুন্ড্রের প্রাচীন ঐতিহ্য ও বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখ—এই দুইয়ের অপূর্ব মেলবন্ধনে মুখর হয়ে উঠেছে বগুড়া পৌর পার্ক। বগুড়া সাংস্কৃতিক ফোরাম ও জেলা শিল্পকলা একাডেমির যৌথ আয়োজনে শুরু হওয়া ৫ দিনব্যাপী বৈশাখী উৎসব ইতোমধ্যেই এক প্রাণবন্ত সাংস্কৃতিক মিলনমেলায় রূপ নিয়েছে।
সকাল ৮টায় বর্ণিল এ আয়োজনের উদ্বোধন করেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি। উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, বাঙালি জাতির সবচেয়ে বড় এই উৎসব সকলকে ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ করে দেশ গঠনে অনুপ্রাণিত করে। তিনি বগুড়ার চলমান উন্নয়ন কার্যক্রম তুলে ধরে জানান, আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণকাজ দ্রুত এগিয়ে চলছে এবং ঢাকা–সিরাজগঞ্জ–বগুড়া রেললাইন প্রকল্প প্রায় শেষ পর্যায়ে রয়েছে। এছাড়া একটি পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিষয়টিও সময়ের অপেক্ষায় বলে উল্লেখ করেন।
প্রতিমন্ত্রী আরও জানান, বগুড়া সিটি করপোরেশন গঠনের প্রস্তাব প্রি-একনেক সভায় অনুমোদন পেয়েছে এবং সবকিছু ঠিক থাকলে আগামী ২০ এপ্রিল এর আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে। দীর্ঘদিনের উন্নয়নবঞ্চিত বগুড়াকে এগিয়ে নিতে সরকারের বিভিন্ন পরিকল্পনার কথাও তুলে ধরেন তিনি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা এমপি। তিনি তাঁর বক্তব্যে বলেন, বাংলা সংস্কৃতির ঐতিহ্য রক্ষায় সবাইকে একযোগে কাজ করতে হবে এবং এই ধারাকে আরও সমৃদ্ধ করতে হবে।
দৈনিক করতোয়ার সম্পাদক মোজাম্মেল হক লালুর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ভিপি সাইফুল ইসলাম, বগুড়া প্রেসক্লাবের সভাপতি রেজাউল হাসান রানু এবং সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদসহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ। উৎসবের এই আয়োজন শুধু আনন্দ-উৎসব নয়, বরং বগুড়ার উন্নয়ন সম্ভাবনা ও সাংস্কৃতিক ঐতিহ্যের এক উজ্জ্বল প্রতিচ্ছবি হয়ে উঠেছে।.
.
Ajker Bogura / ডি আর/ এসএ
আপনার মতামত লিখুন: