• ঢাকা
  • বৃহস্পতিবার, ৪ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ; ১৯ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

Advertise your products here

বকেয়া টাকা চাইতেই মারধর, বগুড়ায় মুদি দোকানিকে লাঞ্ছনার অভিযোগ


Ajker Bogura ; প্রকাশিত: বৃহস্পতিবার, ১৯ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ১০:০০ এএম
ছবি : প্রতীকী
ছবি : প্রতীকী


বগুড়ায় বকেয়া টাকা চাইতে গিয়ে এক মুদি দোকানিকে গালিগালাজ ও মারধরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী মোঃ সুজন মন্ডল সদর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, সুজন মন্ডলের বাড়ি পূর্ব বগুড়ার কৈপাড়া এলাকায় এবং কৈপাড়া স্ট্যান্ডে তার একটি মুদি দোকান রয়েছে। দোকানের পাশেই অভিযুক্ত মোঃ সায়েদ বিন মশিউরের একটি ফার্মেসি রয়েছে। তিনি দীর্ঘদিন ধরে নগদ ও বাকিতে বিভিন্ন পণ্য কিনে আসছিলেন। তবে গত তিন মাসে তার কাছে মোট ১৮ হাজার ২৪০ টাকা বকেয়া পড়ে।
সুজন মন্ডল জানান, বারবার টাকা চাইলে অভিযুক্ত প্রথমে সময়ক্ষেপণ করেন এবং পরে টাকা দিতে অস্বীকার করে উল্টো হুমকি-ধামকি দিতে থাকেন। গত মঙ্গলবার (১৭ মার্চ) বিকেলে এ নিয়ে তাদের মধ্যে কথাকাটাকাটি হয়।
অভিযোগে আরও উল্লেখ করা হয়, একই দিন রাত আনুমানিক ৮টার দিকে অভিযুক্ত মোঃ বিদ্যুৎ সুজনের দোকানে ঢুকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন এবং একপর্যায়ে তাকে এলোপাতাড়ি চড়-থাপ্পড় মারেন।
পরে রাত ৯টার দিকে সুজন তার বাবাকে নিয়ে বিষয়টি জানতে অভিযুক্তদের কাছে গেলে উল্টো তারা আরও ক্ষিপ্ত হয়ে ওঠেন। এসময় অভিযুক্তরা এবং আরও কয়েকজন মিলে সুজন ও তার বাবাকে কিল-ঘুষি, লাথি মারেন। অভিযোগ রয়েছে, একপর্যায়ে কাঠের বাটাম দিয়েও তাদের আঘাত করা হয়।
তাদের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে অভিযুক্তরা পালিয়ে যাওয়ার আগে দোকান খুললে হত্যার হুমকি এবং ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়ার হুমকি দেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
পরে আত্মীয়-স্বজনদের সঙ্গে পরামর্শ করে কিছুটা বিলম্বে থানায় এসে লিখিত অভিযোগ দায়ের করেন সুজন মন্ডল।
এ বিষয়ে সদর থানা পুলিশ জানিয়েছে, অভিযোগটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।.

.

Ajker Bogura / ডি আর/ এসএ

সারাদেশ বিভাগের জনপ্রিয় সংবাদ