• ঢাকা
  • শুক্রবার, ১৯ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ; ০৩ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

Advertise your products here

মেয়ের শ্বশুরবাড়িতে সালিশে গিয়ে বাবাকে পিটিয়ে হত্যা, আটক ২


Ajker Bogura ; প্রকাশিত: বৃহস্পতিবার, ০২ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ১০:৩১ পিএম
ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

নওগাঁর বদলগাছী উপজেলায় মেয়ের শ্বশুরবাড়িতে পারিবারিক বিরোধ মেটাতে গিয়ে গৌর চন্দ্র (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২ এপ্রিল) দুপুরে বালুভরা ইউনিয়নের গাবনা গুদাইল গ্রামে এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে নওগাঁ সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক বিকেলে মৃত ঘোষণা করেন।.

স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় ৬–৭ বছর আগে গৌর চন্দ্র তার মেয়ে রাখি রানীর বিয়ে দেন একই গ্রামের উত্তম কুমারের সঙ্গে। বিয়ের পর থেকেই শ্বশুরবাড়ির সদস্যদের নির্যাতনের অভিযোগ ছিল। সর্বশেষ বুধবার রাখিকে মারধর করে বাড়ি থেকে বের করে দেওয়া হয়।.

এর জেরে বৃহস্পতিবার দুপুরে গৌর চন্দ্র ছেলে পলাশ ও আত্মীয়দের নিয়ে মেয়ের শ্বশুরবাড়িতে গিয়ে বিষয়টি মীমাংসার চেষ্টা করেন। এ সময় উভয়পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হলে শ্বশুরবাড়ির লোকজন তাদের ওপর হামলা চালায়। একপর্যায়ে গৌর চন্দ্রকে ক্রিকেট ব্যাট দিয়ে মাথায় আঘাত করা হলে তিনি গুরুতর আহত হন এবং অচেতন হয়ে পড়েন।.

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় পলাশসহ আরও কয়েকজন আহত হয়েছেন।.

ঘটনার পর পুলিশ মনা রানী (৪০) ও পুষ্পা রানী (২৫) নামে দুইজনকে আটক করেছে। বদলগাছী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে এবং আইনগত প্রক্রিয়া অব্যাহত রয়েছে।.

.

Ajker Bogura / ডি আর/ এসএ

অপরাধ বিভাগের জনপ্রিয় সংবাদ