বাংলাদেশ থেকে প্রতিবছর প্রায় ১০ হাজার শ্রমিক বৈধভাবে ইতালিতে যাওয়ার সুযোগ রয়েছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। পরিবারসহ এ সংখ্যা প্রায় ১২ হাজার হতে পারে বলেও জানান তিনি।.
সোমবার (৭ সেপ্টেম্বর) সচিবালয়ে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খানের কার্যালয়ে বাংলাদেশে নিযুক্ত ইতালির রাষ্ট্রদূত আন্তনিও আলেসান্দ্রোর সঙ্গে বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে প্রতিমন্ত্রী মীর শাহে আলম ও সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিব মো. শহিদুল হাসান উপস্থিত ছিলেন। বৈঠক শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান প্রতিমন্ত্রী।.
মীর শাহে আলম বলেন, বাংলাদেশি শ্রমিকদের জন্য ইতালিতে বৈধভাবে কর্মসংস্থানের সুযোগ রয়েছে। এ সুযোগ কাজে লাগাতে দালালের মাধ্যমে অবৈধ পথে বিদেশ যাওয়ার পরিবর্তে সরকারি ও বৈধ প্রক্রিয়া অনুসরণের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। ইতালিতে বাংলাদেশি কর্মীদের জন্য ভাষা শিক্ষা ও দক্ষতা উন্নয়নের বিষয়েও গুরুত্ব দেওয়া হয়েছে।.
এদিকে, সমুদ্রপথে লিবিয়া হয়ে অবৈধভাবে ইতালি যাওয়ার প্রবণতা ঠেকাতে শরীয়তপুর, মাদারীপুর ও ফরিদপুরসহ সংশ্লিষ্ট এলাকায় সচেতনতামূলক কর্মশালা আয়োজনের উদ্যোগ নেওয়ার কথা জানানো হয়েছে। ইতালির রাষ্ট্রদূত এ বিষয়ে স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিদের সম্পৃক্ত করে সচেতনতা কার্যক্রম জোরদারের অনুরোধ করেছেন।.
প্রতিমন্ত্রী জানান, বর্তমানে ইতালিতে প্রায় আড়াই লাখ বাংলাদেশি বসবাস করছেন। তাঁদের একটি বড় অংশ শরীয়তপুর ও মাদারীপুর অঞ্চলের বাসিন্দা। অবৈধ অভিবাসনের ঝুঁকি কমিয়ে বৈধ পথে জনশক্তি রপ্তানি বাড়ানোই আলোচনার অন্যতম লক্ষ্য ছিল।.
Ajker Bogura / ডি আর/ এসএ
আপনার মতামত লিখুন: