বগুড়ায় মাদকবিরোধী অভিযানে বড় ধরনের সাফল্য পেয়েছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। মঙ্গলবার গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে বগুড়া সদর উপজেলার বগুড়া-রংপুর মহাসড়কে টিএমএসএস “ছ” মিল অ্যান্ড উডেন ফার্নিচার সেকশনের উত্তর পাশে অস্থায়ী চেকপোস্ট বসিয়ে একটি বালুভর্তি ট্রাকে তল্লাশি চালানো হয়। ডিবি পুলিশের এসআই শামীম আহমেদের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে রংপুর থেকে বগুড়াগামী ঢাকা মেট্রো-ট-১৬-৯২৭৬ নম্বরের ট্রাকটি থামানো হলে চালক মো. রবিউল ইসলামকে জিজ্ঞাসাবাদ করা হয়। পরে তার উপস্থিতিতেই ট্রাকের বালুর স্তূপের গভীরে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা তিনটি প্লাস্টিকের বস্তা উদ্ধার করা হয়। বস্তাগুলো খুলে দেখা যায়, সেখানে ২৫ কেজি, ২৫ কেজি ও ৩০ কেজি করে মোট ৮০ কেজি গাঁজা রাখা ছিল। পুলিশ সঙ্গে সঙ্গে বিপুল পরিমাণ এই মাদকসহ ট্রাকটি জব্দ করে এবং চালক রবিউল ইসলামকে ঘটনাস্থল থেকেই আটক করে।পুলিশ জানিয়েছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক চালক মাদকের বিষয়ে সন্তোষজনক কোনো ব্যাখ্যা দিতে পারেননি। ধারণা করা হচ্ছে, বালুর আড়ালে অভিনব কায়দায় গাঁজার চালানটি দেশের অন্য কোনো জেলায় পৌঁছে দেওয়ার পরিকল্পনা ছিল। গ্রেফতারকৃত রবিউল ইসলামের বাড়ি দিনাজপুর জেলার ফুলবাড়ী থানার কৃষ্ণপুর এলাকায় বলে জানা গেছে। ডিবি কর্মকর্তারা বলছেন, এই চালানের সঙ্গে আরও কেউ জড়িত আছে কিনা এবং এর পেছনে কোনো বড় মাদকচক্র কাজ করছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় বগুড়া সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং উদ্ধারকৃত গাঁজার উৎস ও গন্তব্য শনাক্তে তদন্ত শুরু হয়েছে। জেলার বিভিন্ন মহাসড়কে ডিবি পুলিশের এমন ধারাবাহিক অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।.
Ajker Bogura / ডি আর/ এস এ
আপনার মতামত লিখুন: