সেন্ট্রাল এয়ার কন্ডিশনিং (এইচভিএসি) সিস্টেম ব্যবস্থাপনা শিখতে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন গণপূর্ত অধিদপ্তরের আটজন শীর্ষ কর্মকর্তা। আগামী ১৫ মার্চ তাদের যুক্তরাষ্ট্র সফরের তারিখ চূড়ান্ত করা হয়েছে।
২০১৯ সালে সরকার আটটি বিভাগীয় শহরে পূর্ণাঙ্গ ক্যান্সার, কিডনি ও হৃদরোগ চিকিৎসা কেন্দ্র স্থাপনের একটি প্রকল্প হাতে নেয়। সেই প্রকল্পের অংশ হিসেবে ‘হিটিং, ভেন্টিলেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং (এইচভিএসি) সিস্টেম ট্রেনিং’ কর্মসূচিতে অংশ নিতে তারা যুক্তরাষ্ট্র যাচ্ছেন।
এই প্রশিক্ষণের খরচ বহন করবে যুক্তরাষ্ট্রভিত্তিক সেন্ট্রাল এয়ার কন্ডিশনিং সিস্টেম প্রতিষ্ঠান ডানহাম-বুশ।
যুক্তরাষ্ট্রে যাওয়ার জন্য অনুমতি পাওয়া কর্মকর্তারা হলেন—
গণপূর্ত অধিদপ্তরের অতিরিক্ত প্রধান প্রকৌশলী (ই/এম) আশরাফুল হক, অতিরিক্ত প্রধান প্রকৌশলী (সিভিল) কাজী মো. ফিরোজ হোসেন, প্রকল্প পরিচালক ড. মো. তৌফিক হাসান ফিরোজ, তত্ত্বাবধায়ক প্রকৌশলী ড. মো. আশরাফুল ইসলাম, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের ডেপুটি সেক্রেটারি মো. নাজমুল আলম, নির্বাহী প্রকৌশলী রাজু আহমেদ, নির্বাহী স্থপতি সিদ্দিকা নাসরিন সুলতানা এবং উপবিভাগীয় প্রকৌশলী রিসালাত বারি।
গণপূর্ত অধিদপ্তর সূত্রে জানা গেছে, এই প্রশিক্ষণ কর্মসূচির জন্য এর আগে কয়েকবার সফরের তারিখ নির্ধারণ করা হলেও পরে তা পরিবর্তন করা হয়।
প্রথমে ৮ ফেব্রুয়ারি থেকে ১২ ফেব্রুয়ারি পর্যন্ত পাঁচ দিনের সফরের অনুমতি দেওয়া হয়েছিল। পরে আবার ২৫ ফেব্রুয়ারি থেকে ১ মার্চ পর্যন্ত নতুন সময় নির্ধারণ করা হয়। তবে ওই সময়েও সফরটি বাস্তবায়ন হয়নি।
সবশেষে গত ৪ মার্চ মন্ত্রণালয় থেকে আবার অনুমোদন দেওয়া হয়। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ১৫ থেকে ১৯ মার্চ পর্যন্ত যুক্তরাষ্ট্রে এই প্রশিক্ষণে অংশ নেবেন কর্মকর্তারা।
গণপূর্ত অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী রাজু আহমেদ বলেন, নির্মাণকাজ শেষ হওয়ার পর এই সিস্টেমের পরিচালনা ও রক্ষণাবেক্ষণের দায়িত্ব তাদের ওপরই থাকবে। তাই ভবিষ্যতে সঠিকভাবে পরিচালনার জন্য এই প্রশিক্ষণ গুরুত্বপূর্ণ।
এ বিষয়ে গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মো. খালেকুজ্জামান চৌধুরী বলেন, বিদেশে এই প্রশিক্ষণ প্রকৌশলীদের জন্য গুরুত্বপূর্ণ এবং অর্জিত অভিজ্ঞতা দেশের প্রকল্প পরিচালনায় কাজে লাগবে।.
Ajker Bogura / সামসিল আরিফিন
আপনার মতামত লিখুন: