• ঢাকা
  • সোমবার, ৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ; ১৮ মে, ২০২৬ খ্রিস্টাব্দ

Advertise your products here

বগুড়া সিটি কর্পোরেশনের প্রশাসক হিসেবে আলোচনায় এম আর স্বাধীন


Ajker Bogura ; প্রকাশিত: সোমবার, ১৮ মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১০:৫৯ এএম
ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

বগুড়ার রাজনীতির মাঠের পরিচিত ও আলোচিত মুখ, সাবেক ছাত্রনেতা এম আর ইসলাম স্বাধীনকে নবগঠিত বগুড়া সিটি কর্পোরেশনের সম্ভাব্য প্রশাসক হিসেবে ঘিরে নগরজুড়ে আলোচনা তৈরি হয়েছে। দীর্ঘ রাজনৈতিক জীবনে আন্দোলন-সংগ্রামে সক্রিয় অংশগ্রহণ, সাংগঠনিক দক্ষতা ও পরিচ্ছন্ন ভাবমূর্তির কারণে বিএনপির নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ মানুষের মাঝেও তিনি পরিচিত মুখ হিসেবে বিবেচিত।.

রাজনৈতিক জীবনে এম আর ইসলাম স্বাধীন নব্বইয়ের স্বৈরাচারবিরোধী আন্দোলনে বগুড়ায় সামনের সারিতে থেকে নেতৃত্ব দেন। তিনি সরকারি আজিজুল হক কলেজ ছাত্র সংসদ (আকসু) নির্বাচনে শিক্ষার্থীদের প্রত্যক্ষ ভোটে ক্রীড়া সম্পাদক নির্বাচিত হন। পরে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল বগুড়া জেলা শাখার তিনবারের সভাপতি এবং কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সভাপতির দায়িত্ব পালন করেন।.

এছাড়া তিনি বগুড়া জেলা যুবদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক, জেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক, আহ্বায়ক কমিটির সদস্য এবং বর্তমানে জেলা বিএনপির সহ-সভাপি হিসেবে দায়িত্ব পালন করছেন।.

দীর্ঘ রাজনৈতিক জীবনে আন্দোলন-সংগ্রামের কারণে একাধিক মামলার শিকার হয়ে তাকে কয়েকবার কারাবরণও করতে হয়েছে। তবে রাজনৈতিক প্রতিকূলতা তাকে দমিয়ে রাখতে পারেনি বলে জানিয়েছেন তার অনুসারীরা।.

সম্প্রতি বগুড়া সফরকে কেন্দ্র করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত নবগঠিত বগুড়া সিটি কর্পোরেশনের প্রশাসক হিসেবে এম আর ইসলাম স্বাধীনের নাম নগরবাসীর আলোচনায় আসে।.

এ বিষয়ে এম আর ইসলাম স্বাধীন বলেন, বগুড়াকে একটি আধুনিক, পরিচ্ছন্ন ও বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তোলাই তার লক্ষ্য। তিনি জানান, শহরের প্রধান সমস্যা যানজট নিরসনে অটোরিকশা ও অন্যান্য যানবাহনের জন্য সুনির্দিষ্ট নীতিমালা প্রণয়ন করা হবে।.

তিনি আরও বলেন, জলাবদ্ধতা নিরসন, ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন, পরিচ্ছন্নতা নিশ্চিতকরণ, নাগরিক সেবার মানোন্নয়ন এবং টেকসই নগর উন্নয়নকে অগ্রাধিকার দেওয়া হবে। পাশাপাশি শহরের ধুলাবালি কমিয়ে “ক্লিন সিটি” গড়ে তোলার উদ্যোগ নেওয়া হবে এবং পরিবেশবান্ধব নগর গঠনে বৃক্ষরোপণ কার্যক্রম জোরদার করা হবে।.

এম আর ইসলাম স্বাধীন জানান, নগর উন্নয়নে অভিজ্ঞ ও সিনিয়র নাগরিকদের পরামর্শ নেওয়া হবে। এছাড়া সাবেক কাউন্সিলরদেরও উন্নয়ন কর্মকাণ্ডে সম্পৃক্ত করার পরিকল্পনার কথা তুলে ধরেন তিনি।.

তিনি বলেন, “আমি এটিকে একটি চ্যালেঞ্জ হিসেবে নিতে চাই। নগরবাসীকে দ্রুত ও কার্যকর নাগরিক সেবা নিশ্চিত করতে সর্বোচ্চ চেষ্টা থাকবে। সফলতার কোনো বিকল্প নেই।”.

.

Ajker Bogura / ডি আর/ এসএ

রাজনীতি বিভাগের জনপ্রিয় সংবাদ