• ঢাকা
  • শুক্রবার, ৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ; ২৪ জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

Advertise your products here

বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ (বউক) গঠনে আইনের খসড়ার চূড়ান্ত অনুমোদন


Ajker Bogura ; প্রকাশিত: শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ০৩:৩৮ এএম
ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

বগুড়া ও এর আশপাশের এলাকাকে পরিকল্পিত আধুনিক নগর হিসেবে গড়ে তুলতে ‘বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ আইন, ২০২৬’-এর খসড়ার চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। বৃহস্পতিবার (২৩ জুলাই) সচিবালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এ অনুমোদন দেওয়া হয় বলে মন্ত্রিপরিষদ বিভাগের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
প্রস্তাবিত আইনের আওতায় বগুড়া সিটি করপোরেশন ও সংলগ্ন এলাকা নিয়ে ‘বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ (বউক)’ নামে একটি সংবিধিবদ্ধ সংস্থা গঠন করা হবে। চেয়ারম্যান, সার্বক্ষণিক সদস্য এবং বিভিন্ন সরকারি সংস্থার প্রতিনিধিদের সমন্বয়ে পরিচালিত এ কর্তৃপক্ষ মহাপরিকল্পনা, উন্নয়ন প্রকল্প ও স্থানীয় পরিকল্পনা প্রণয়ন এবং বাস্তবায়নের দায়িত্ব পালন করবে।
আইনের লক্ষ্য হলো বগুড়া অঞ্চলের ভূ-প্রাকৃতিক পরিবেশ ও প্রতিবেশের ভারসাম্য রক্ষা, অপরিকল্পিত নগরায়ণ প্রতিরোধ, দুর্যোগ-সহনশীল নগর ব্যবস্থাপনা নিশ্চিত করা, তথ্যপ্রযুক্তি ও পর্যটন শিল্পের বিকাশ এবং উন্নত নাগরিক জীবন গড়ে তোলা।
এ আইনে কর্তৃপক্ষের অনুমোদন ছাড়া কোনো নির্মাণ বা উন্নয়ন প্রকল্প গ্রহণ করা যাবে না। এছাড়া নদী-নালা, জলাশয়, খেলার মাঠ ও উন্মুক্ত স্থান সংরক্ষণে কঠোর বিধান, ভূমি পুনর্বিন্যাস ও পুনঃউন্নয়নের আধুনিক ব্যবস্থা এবং অননুমোদিত নির্মাণ বা জলাধার ভরাটের মতো অপরাধের জন্য কারাদণ্ড ও অর্থদণ্ডের বিধান রাখা হয়েছে।
এছাড়া উন্নয়ন ফি আদায়, নিজস্ব তহবিল গঠন, ঋণ গ্রহণ ও নিরীক্ষার ব্যবস্থাও আইনে অন্তর্ভুক্ত রয়েছে।
মন্ত্রিপরিষদ বিভাগ জানিয়েছে, লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ভেটিং শেষে ‘বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ আইন, ২০২৬’-এর খসড়ার চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে।.

.

Ajker Bogura / ডি আর/ এসএ

জাতীয় বিভাগের জনপ্রিয় সংবাদ