বিজ্ঞান ও প্রযুক্তিনির্ভর উদ্ভাবনী বাংলাদেশ গড়ার প্রত্যয়ে বগুড়ায় শুরু হয়েছে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ। “উদ্ভাবনী বাংলাদেশ গড়ে তুলবে বিজ্ঞান ও প্রযুক্তি” প্রতিপাদ্যে আয়োজিত এ কর্মসূচিতে বিজ্ঞান মেলা, বিজ্ঞান অলিম্পিয়াড, কুইজ প্রতিযোগিতা এবং বিজ্ঞানভিত্তিক সেমিনারের আয়োজন করা হয়েছে।.
বুধবার (২৯ এপ্রিল) দুপুর সাড়ে ১২টায় বগুড়া কালেক্টরেট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোঃ তৌফিকুর রহমান।.
বগুড়া জেলা প্রশাসনের উদ্যোগে এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সালমা আক্তার।.
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আব্দুল ওয়াজেদ, জেলা শিক্ষা কর্মকর্তা মোঃ রমজান আলী আকন্দ এবং জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ রেজোয়ান হোসেন।.
মেলায় জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা তাদের উদ্ভাবনী বিজ্ঞান প্রকল্প উপস্থাপন করে। প্রধান অতিথি জেলা প্রশাসক বিভিন্ন স্টল পরিদর্শন করেন এবং শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করেন।.
অনুষ্ঠানে অনুষ্ঠিত কুইজ প্রতিযোগিতা ও বিজ্ঞান অলিম্পিয়াড শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক আগ্রহ ও উৎসাহ সৃষ্টি করে। আয়োজকরা জানান, এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের বিজ্ঞানচর্চায় আগ্রহী করে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।.
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, বাংলাদেশের সবচেয়ে বড় শক্তি তার জনসম্পদ। বিজ্ঞান ও প্রযুক্তিনির্ভর দক্ষ মানবসম্পদ গড়ে তুলেই দেশকে আরও এগিয়ে নিতে হবে। তিনি তরুণদের উদ্ভাবনী চিন্তা, গবেষণা ও প্রযুক্তিনির্ভর শিক্ষা গ্রহণে উৎসাহিত করেন।.
অনুষ্ঠানকে ঘিরে শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের মধ্যে ছিল উৎসবমুখর পরিবেশ ও ব্যাপক উদ্দীপনা।. .
Ajker Bogura / TMN
আপনার মতামত লিখুন: