বগুড়ায় সাংবাদিক সবুর শাহ লোটাসের ১০ তলা ভবন নির্মাণ নিয়ে তদন্তের নির্দেশ.
বগুড়া প্রতিনিধি:
বগুড়া শহরের কলোনি এলাকায় নির্মাণাধীন ১০ তলা ভবনকে কেন্দ্র করে নিয়মবহির্ভূত নির্মাণের অভিযোগের পরিপ্রেক্ষিতে তদন্তের নির্দেশ দিয়েছে স্থানীয় সরকার বিভাগ। অভিযোগের বিষয়ে সরেজমিন তদন্ত করে প্রতিবেদন দাখিলের জন্য একজন আইন উপদেষ্টাকে দায়িত্ব দেওয়া হয়েছে।.
স্থানীয় সরকার বিভাগের সিটি করপোরেশন শাখার উপসচিব স্বাক্ষরিত এক চিঠিতে এ নির্দেশনার কথা জানানো হয়। চিঠিতে উল্লেখ করা হয়েছে, স্থানীয় বাসিন্দাদের অভিযোগের ভিত্তিতে ঘটনাটি সরেজমিনে তদন্ত করে আগামী ১০ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দাখিল করতে হবে।.
এ লক্ষ্যে স্থানীয় সরকার বিভাগের আইন উপদেষ্টা (সাবেক জেলা ও দায়রা জজ) এম এ সাঈদকে তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে।.
অভিযোগের কেন্দ্রবিন্দুতে থাকা সবুর শাহ লোটাস বর্তমানে দৈনিক আমার দেশ পত্রিকার বগুড়া ব্যুরো প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি তিনি দুরন্ত সংবাদ পত্রিকার প্রকাশক ও সম্পাদক এবং একটি বেসরকারি পলিটেকনিক প্রতিষ্ঠান আইআইটিবির পরিচালক।.
স্থানীয় সূত্রে জানা যায়, কয়েক বছর আগে বগুড়া শহরের কলোনি এলাকায় ১০ তলা ভবনটির নির্মাণকাজ শুরু হয়। নির্মাণের শুরু থেকেই ভবনটি নিয়ে এলাকাবাসীর পক্ষ থেকে বিভিন্ন অনিয়মের অভিযোগ উত্থাপিত হয়ে আসছে।.
অভিযোগে বলা হয়েছে, ভবন নির্মাণে প্রচলিত বিল্ডিং নির্মাণ বিধিমালা, নিরাপত্তা নির্দেশিকা ও নগর পরিকল্পনার প্রয়োজনীয় শর্ত যথাযথভাবে অনুসরণ করা হয়নি। এছাড়া ভবনের চারপাশে বিধি অনুযায়ী প্রয়োজনীয় খোলা স্থান রাখা হয়নি বলেও অভিযোগ রয়েছে।.
এলাকাবাসীর দাবি, ভবনটি ঘনবসতিপূর্ণ আবাসিক ও বাণিজ্যিক এলাকায় অবস্থিত। ফলে নির্মাণে কোনো ধরনের অনিয়ম বা নিরাপত্তা ত্রুটি থাকলে ভবিষ্যতে দুর্ঘটনার ঝুঁকিতে পড়তে পারেন আশপাশের বহু বাসিন্দা ও ব্যবসায়ী।.
তবে এ বিষয়ে সবুর শাহ লোটাসের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। তার বক্তব্য পাওয়া গেলে তা গুরুত্বের সঙ্গে প্রকাশ করা হবে।.
তদন্ত শেষে প্রাপ্ত প্রতিবেদনের ভিত্তিতে পরবর্তী আইনগত ও প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।. .
Ajker Bogura / ডি আর/ এসএ
আপনার মতামত লিখুন: