.
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় ইরানের সর্বোচ্চ নেতা খামেনি নিহত হয়েছেন। তেহরানও পাল্টা জবাব দিচ্ছে। অন্তত তিনজন মার্কিন সেনা নিহত হয়েছেন, ইসরায়েলে নিহত হয়েছেন অন্তত ৯ জন। যুদ্ধের দামায় অনিশ্চয়তায় ডুবে যাচ্ছে গোটা মধ্যপ্রাচ্য অঞ্চল। তেহরান যুক্তরাষ্ট্রের মিত্র দেশগুলোতে মার্কিন ঘাঁটি ও সম্পদ লক্ষ্য করে হামলা অব্যাহত রাখায় ধীরে ধীরে মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়ছে যুদ্ধ।.
.
ইরানে নিহতের সংখ্যা ৫৫০ ছাড়ালো: রেড ক্রিসেন্ট.
দেশজুড়ে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলায় ইরানে নিহতের সংখ্যা বেড়ে অন্তত ৫৫৫ জনে দাঁড়িয়েছে বলে জানিয়েছে ইরানি রেড ক্রিসেন্ট সোসাইটি।.
হিজবুল্লাহ প্রধান নাঈম কাসেম এখন ইসরায়েলের 'হত্যার লক্ষ্যবস্তু': প্রতিরক্ষামন্ত্রী.
হিজবুল্লাহর নবনিযুক্ত মহাসচিব নাঈম কাসেম এখন ইসরায়েলের 'টার্গেট ফর এলিমিনেশন' বা হত্যার প্রধান লক্ষ্যবস্তু বলে ঘোষণা করেছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ।.
উত্তর ইসরায়েলের হাইফা শহরের কাছে একটি সামরিক ঘাঁটিতে হিজবুল্লাহর রকেট ও ড্রোন হামলার পর লেবাননে ইসরায়েলি বিমান বাহিনীর ভয়াবহ বোমাবর্ষণে অন্তত ৩১ জন নিহত হন।.
ইরানের পরমাণু কেন্দ্রে হামলার চিহ্ন নেই, তবে কর্তৃপক্ষের সাড়া পাচ্ছে না আইএইএ.
ইরানের ওপর ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক হামলায় দেশটির কোনো পরমাণু স্থাপনা ক্ষতিগ্রস্ত হওয়ার কোনো লক্ষণ বা প্রমাণ নেই বলে জানিয়েছে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা (আইএইএ)। তবে সংস্থাটি এখন পর্যন্ত ইরানের পরমাণু কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করতে সক্ষম হয়নি।.
সংস্থাটির প্রধান রাফায়েল গ্রোসি ৩৫-জাতির বোর্ড অফ গভর্নরসের কাছে দেওয়া এক বিবৃতিতে বলেন, 'আমাদের কাছে এমন কোনো ইঙ্গিত নেই যে কোনো পরমাণু স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে বা তাতে আঘাত হানা হয়েছে।' তবে তিনি উদ্বেগ প্রকাশ করে বলেন, 'ইরানের পরমাণু নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের সাথে যোগাযোগের প্রচেষ্টা অব্যাহত রয়েছে, কিন্তু এখন পর্যন্ত তাদের পক্ষ থেকে কোনো সাড়া পাওয়া যায়নি।'.
ড্রোন হামলা: সৌদি আরবের রাস তানুরা তেল শোধনাগার সাময়িকভাবে বন্ধ.
সৌদি আরবের দাম্মাম শহরের নিকটবর্তী রাস তানুরা তেল শোধনাগারটি সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে দেশটির কর্তৃপক্ষ। ইরানের ড্রোন হামলার জেরে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সৌদি রাষ্ট্রীয় টেলিভিশনের এক প্রতিবেদনে জানানো হয়েছে।.
এর আগে সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছিল, আকাশপথে ধেয়ে আসা দুটি ড্রোন মাঝপথে ধ্বংস (ইন্টারসেপ্ট) করার পর সেগুলোর ধ্বংসাবশেষ শোধনাগারটির ওপর পড়লে সেখানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।.
কুয়েতে 'কয়েকটি' মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত.
কুয়েতের প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, দেশটিতে 'বেশ কয়েকটি' মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। তবে বিমানগুলোর সব ক্রু অক্ষত আছেন। .
মন্ত্রণালয় আরও জানিয়েছে, কুয়েতি কর্তৃপক্ষ তৎক্ষণাৎ অনুসন্ধান ও উদ্ধার অভিযান শুরু করে সব ক্রুকে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যায়। ক্রুদের অবস্থা স্থিতিশীল রয়েছে। .
যুধবিমান বিধ্বস্তের ব্যাপারে কুয়েতি কর্তৃপক্ষ যুক্তরাষ্ট্রের সঙ্গে মিলে কাজ করছে। বিমান বিধ্বস্তের কারণ সম্পর্কে জানতে তদন্ত চলমান রয়েছে।.
এর আগে কুয়েতে যুক্তরাষ্ট্রের একটি বিমানঘাঁটির কাছে একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার ভিডিও অনলাইনে ছড়িয়ে পড়ে। তবে কেন বিমানটি বিধ্বস্ত হয়েছে এবং এটি কোন দেশের বিমানবাহিনীর অন্তর্গত, তা জানা যায়নি। .
ওই ভিডিও বিশ্লেষণ করে সিএনএন জানিয়েছে, এটি একটি দ্বি-ইঞ্জিনবিশিষ্ট যুদ্ধবিমান, যা এফ-১৫ই অথবা এফ/এ-১৮ মডেলের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।.
লেবাননে ইসরায়েলি হামলায় নিহত ৩১.
লেবাননের রাজধানী বৈরুত ও দক্ষিণ লেবাননে ইসরায়েলের হামলায় অন্তত ৩১ জন নিহত হয়েছে। আহত হয়েছেন ১৪৯ জন।.
লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।.
এর আগে ইসরায়েলি সামরিক বাহিনী নিশ্চিত করেছিল, বৈরুতের সিনিয়র হিজবুল্লাহ নেতা ও দক্ষিণাঞ্চলে কেন্দ্রীয় হিজবুল্লাহ কমান্ডারদদের অবস্থান লক্ষ্য হামলা চালিয়েছে তারা।.
মধ্যপ্রাচ্যে সংঘাত আরও ছড়িয়ে পড়ছে.
রাতভর অঞ্চলজুড়ে চলা পাল্টাপাল্টি হামলার পর সোমবার সকালে নতুন করে বিস্ফোরণের শব্দে ঘুম ভেঙেছে উপসাগরীয় দেশগুলোর বাসিন্দাদের। ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ এই বিস্তৃত সংঘাতে যোগ দেওয়ার পরই পরিস্থিতির এমন অবনতি হয়েছে।.
দুবাই, আবুধাবিসহ প্রধান শহরগুলোতে বিস্ফোরণ: উপসাগরীয় অঞ্চলের প্রধান শহর দুবাই, আবুধাবি ও দোহায় সোমবার স্থানীয় সময় সকালে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। কাতারের রাজধানী দোহায় আকাশে ক্ষেপণাস্ত্র লক্ষ্য করে ইন্টারসেপ্টর ছুড়তে দেখা গেছে। .
বাহরাইন: দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, বাহরাইনজুড়ে বিপদসংকেত (সাইরেন) বাজানো হয়েছে।.
কুয়েত: সোমবার ভোরে কুয়েতের আকাশসীমায় বিকট শব্দ শোনা গেছে। সমুদ্রপথ দিয়ে আসা 'শত্রু ড্রোন' আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে প্রতিহত করার সময় এই শব্দ হয়।.
সাইপ্রাস: পূর্ব ভূমধ্যসাগরের দ্বীপরাষ্ট্র সাইপ্রাসে অবস্থিত একটি ব্রিটিশ সামরিক ঘাঁটিতে ড্রোন হামলা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, তারা এই হামলার পাল্টা জবাব দিয়েছে।.
বাগদাদে ইউএস ভিক্টোরিয়া ঘাঁটিতে ড্রোন হামলা.
ইরাকের বাগদাদ আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে ইউএস ভিক্টোরিয়া ঘাঁটি লক্ষ্য করে দুটি ড্রোন হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে ইরাকি টিভি চ্যানেল আল-সুমারিয়া ও আল-রশিদ।.
প্রতিবেদনে বলা হয়, একটি ড্রোন বিশেষ অভিযান এলাকার ভেতরে পড়ে, আরেকটি ড্রোন ঘাঁটির মার্কিন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা প্রতিহত করে।.
.
লেবাননে নতুন করে হামলার ঘোষণা ইসরায়েলের; আরও তীব্র হবে.
ইসরায়েলি সামরিক বাহিনী (আইডিএফ) জানিয়েছে, লেবাননে হিজবুল্লাহর লক্ষ্যবস্তুগুলোতে নতুন করে হামলা শুরু করেছে তারা। নতুন এ হামলার আগে আইডিফের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, ইসরায়েলে হামলার জন্য হিজবুল্লাহকে 'চড়া মূল্য দিতে হবে'।.
তিনি আরও বলেন, 'হামলা অব্যাহত রয়েছে এবং এর তীব্রতা আরও বাড়বে।'.
আইডিএফ জানায়, লেবাননের বিভিন্ন প্রান্তে হিজবুল্লাহর অস্ত্রের গুদাম ও অন্যান্য অবকাঠামো লক্ষ্য করে এই হামলা চালানো হয়েছে। এর আগে আইডিএফ লেবাননের ৫০টিরও বেশি গ্রাম ও শহরের বাসিন্দাদের 'নিজেদের নিরাপত্তার স্বার্থে' এলাকা ছেড়ে চলে যাওয়ার নির্দেশ দিয়েছিল। .
সোমবার খুব ভোরে হিজবুল্লাহ ইসরায়েলের দিকে রকেট ছোড়ার পর ইসরায়েলও লেবাননে তাদের লক্ষ্যবস্তুগুলোতে পাল্টা হামলা শুরু করে।.
ইরান আগে যুক্তরাষ্ট্রে হামলা চালাবে—এমন গোয়েন্দা তথ্য ছিল না: স্বীকার ট্রাম্প প্রশাসনের.
রোববার কংগ্রেসের কর্মকর্তাদের সঙ্গে এক রুদ্ধদ্বার বৈঠকে ট্রাম্প প্রশাসন স্বীকার করেছে, ইরান আগে মার্কিন বাহিনীর ওপর হামলার পরিকল্পনা করছিল—এমন কোনো গোয়েন্দা তথ্য তাদের কাছে ছিল না। .
এর এক দিন আগে প্রশাসনের জ্যেষ্ঠ কর্মকর্তারা সাংবাদিকদের বলেছিলেন, মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন বাহিনীর ওপর ইরান 'আগাম হামলা' চালাতে পারে—এমন ইঙ্গিত পাওয়ার পরই প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হামলার সিদ্ধান্ত নেন।.
পেন্টাগনের বৈঠকে প্রশাসনের কর্মকর্তারা বলেন, ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও অঞ্চলজুড়ে সক্রিয় তাদের মিত্র বাহিনী যুক্তরাষ্ট্রের স্বার্থের জন্য তাৎক্ষণিক হুমকি হয়ে দাঁড়িয়েছিল। তবে তেহরান আগে মার্কিন বাহিনীর ওপর হামলা চালাবে—এমন কোনো গোয়েন্দা তথ্য ছিল না বলে নাম প্রকাশে অনিচ্ছুক দুই সূত্র রয়টার্সকে জানিয়েছে।.
শনিবারের হামলায় ইরানের পরবর্তী সম্ভাব্য শাসকরা নিহত হয়েছেন, দাবি ট্রাম্পের.
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবিসি নিউজকে বলেছেন, শনিবার যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় ইরানের শাসনভার গ্রহণের সম্ভাব্য ব্যক্তিরা নিহত হয়েছেন।.
এবিসি নিউজের সাংবাদিক জনাথন কার্লকে ট্রাম্প বলেন, 'এ হামলা এতটাই সফল ছিল যে সম্ভাব্য প্রার্থীদের অধিকাংশই নির্মূল হয়ে গেছেন। আমরা যাদের কথা ভাবছিলাম, তাদের কেউ ক্ষমতায় আসতে পারবেন না; কারণ তারা সবাই মৃত। দ্বিতীয় বা তৃতীয় সারির যারা ছিলেন, তারাও মারা গেছেন।'.
ইরানের দীর্ঘদিনের সর্বোচ্চ নেতা খামেনির মৃত্যুর পর দেশটিতে ক্ষমতার হস্তান্তর কীভাবে ঘটবে—তা নিয়ে যখন নানা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, ঠিক তখনই ট্রাম্পের তরফ থেকে এমন মন্তব্য এল।.
খামেনি হত্যার বিষয়টি উল্লেখ করে মার্কিন প্রেসিডেন্ট আরও বলেন, 'তিনি মারার আগেই আমি মেরে ফেলেছি। তারা দুবার চেষ্টা করেছিলেন। কিন্তু আমিই আগে তাকে কুপোকাত করেছি।'.
২০২৪ সালে বিচার বিভাগ প্রেসিডেন্ট নির্বাচনের আগে ট্রাম্পকে হত্যার ব্যর্থ ষড়যন্ত্রের অভিযোগে ফেডারেল চার্জ গঠন করেছিল। আদালতের নথিপত্র অনুযায়ী, ইরানি কর্মকর্তারা এই ষড়যন্ত্রের অন্যতম সন্দেহভাজন ফরহাদ শাকেরিকে ট্রাম্পের ওপর নজরদারি ও হত্যার দায়িত্ব দিয়েছিলেন।.
যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা হবে না: আলি লারিজানি.
ইরানের শীর্ষ জাতীয় নিরাপত্তা কর্মকর্তা আলি লারিজানি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এদেওয়া এক পোস্টে জানিয়েছেন, 'যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা করবে না' ইরান।.
দেশটির অন্যতম প্রভাবশালী এই ব্যক্তি এমন সময় এ মন্তব্য করলেন যখন বিভিন্ন সংবাদমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে যে, ইরান মধ্যস্থতাকারীদের মাধ্যমে ফের আলোচনা শুরু করার জন্য যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগাযোগ করেছে।.
সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সেক্রেটারি লারিজানি এক্স-এ আরও লিখেছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার 'মিথ্যা আশা' দিয়ে 'এই অঞ্চলকে বিশৃঙ্খলার মধ্যে ঠেলে দিয়েছেন। এখন তিনি মার্কিন সেনাদের আরও প্রাণহানি নিয়ে বিচলিত হয়ে পড়েছেন।'.
লারিজানি আরও বলেন, 'নিজের বিভ্রান্তিকর কর্মকাণ্ডের মাধ্যমে ট্রাম্প তার স্বঘোষিত "আমেরিকা ফার্স্ট" স্লোগানকে "ইসরায়েল ফার্স্ট"-এ রূপান্তর করেছেন এবং ইসরায়েলের ক্ষমতার আকাঙ্ক্ষা পূরণ করতে মার্কিন সেনাদের জীবন বিসর্জন দিচ্ছেন।'.
নিহত সর্বোচ্চ নেতা খামেনির অন্যতম প্রধান এই উপদেষ্টা জোর দিয়ে বলেন, ইরানি বাহিনী 'আগে কোনো আগ্রাসন শুরু করেনি'।.
লেবাননের ৫০টির বেশি গ্রামের বাসিন্দাদের সরে যাওয়ার নির্দেশ ইসরায়েলের.
সম্ভাব্য বিষয়ে সতর্কবার্তা দেওয়ার পর লেবাননের ৫০টিরও বেশি শহর ও গ্রামের বাসিন্দাদের ঘরবাড়ি ছেড়ে নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে ইসরায়েল। .
চিহ্নিত এলাকার বাসিন্দাদের অন্তত ১ হাজার মিটার দূরে কোনো উন্মুক্ত স্থানে অবস্থান নিতে বলা হয়েছে। .
ইসরায়েলি সতর্কবার্তায় বলা হয়েছে, 'হিজবুল্লাহর সদস্য, তাদের স্থাপনা বা সামরিক সরঞ্জামের কাছাকাছি অবস্থানকারী যে-কেউ নিজের জীবনকে ঝুঁকির মুখে ফেলছেন।'.
.
ইসরায়েল বলপূর্বক সরে যেতে বলার পর দক্ষিণ লেবানন ও বৈরুতের লাখ লাখ মানুষ নিজ বাড়িঘর ছেড়ে পালাচ্ছেন। .
তেলের দাম বেড়েছে, পুঁজিবাজারে দরপতন.
ইরানে মার্কিন-ইসরায়েলি হামলার প্রভাব নিয়ে বিনিয়োগকারীরা শঙ্কিত হয়ে ওঠায় অপরিশোধিত তেলের দাম অনেকটাই বেড়েছে, অন্যদিকে বড় ধরনের দরপতন হয়েছে শেয়ারবাজারে।.
সোমবার সকালে এশিয়ার বাজারে ব্রেন্ট ক্রুড অয়েলের দাম ১৩ শতাংশ পর্যন্ত বেড়ে যায়। তবে দিনের শেষভাগে এসে বাজার কিছুটা স্থিতিশীল হয়। টোকিও সময় দুপুর পর্যন্ত আন্তর্জাতিক এই মানদণ্ড অনুযায়ী তেলের দাম প্রায় ৫ শতাংশ বেড়ে প্রতি ব্যারেল ৭৬.৪৮ ডলারে দাঁড়িয়েছে।.
এশিয়ার পুঁজিবাজারগুলোতে লেনদেন শুরুই হয়েছে নিম্নমুখী প্রবণতার মধ্য দিয়ে। হংকংয়ের হ্যাং সেং সূচক প্রায় ২ শতাংশ ও জাপানের প্রধান সূচক নিক্কেই ২২৫-এর প্রায় ১.৫ শতাংশ দরপতন হয়েছে।.
যুক্তরাষ্ট্রে নিয়মিত বাজার সময়ের বাইরে লেনদেন হওয়া স্টক ফিউচারে বড় ধরনের লোকসান দেখা গেছে, যা ওয়াল স্ট্রিটে অস্থির দিনের ইঙ্গিত দিচ্ছে। এসঅ্যান্ডপি ৫০০এবং প্রযুক্তি-নির্ভর নাসডাক কম্পোজিট—উভয় সূচকের ফিউচারই প্রায় ০.৭ শতাংশ কমেছে।.
তেহরানে 'টানা বিস্ফোরণের' খবর.
ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানিয়েছে, গত কয়েক ঘণ্টায় রাজধানী তেহরান ও কারাজ শহরে একাধিক বিস্ফোরণের শব্দ শোনা গেছে।.
স্থানীয় সময় সোমবার ভোরে ফার্স নিউজ এজেন্সি জানিয়েছে, 'কিছুক্ষণ আগে তেহরানের কিছু এলাকায় একাধিক বিস্ফোরণের শব্দ পাওয়া গেছে।'.
অন্যদিকে তাসনিম নিউজ এজেন্সির প্রতিবেদনে বলা হয়েছে, 'কারাজ শহরের আশপাশে বেশ কয়েকটি বিকট বিস্ফোরণের শব্দ শোনা গেছে।'.
লেবাননে হিজবুল্লাহর শীর্ষ নেতাদের লক্ষ্য করে হামলার দাবি ইসরায়েলের.
ইসরায়েলি সামরিক বাহিনী বলেছে, তারা লেবাননের বৈরুতে হিজবুল্লাহর বেশ কয়েকজন শীর্ষ নেতাকে লক্ষ্য করে হামলা চালিয়েছে। এছাড়া দক্ষিণ লেবাননে এই সশস্ত্র গোষ্ঠীর আরেকজন 'কেন্দ্রীয়' ব্যক্তিকে লক্ষ্য করেও হামলা চালানো হয়েছে।.
ইসরায়েলে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা হিজবুল্লাহর.
খামেনিকে হত্যার প্রতিশোধ হিসেবে ইসরায়েলকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে হিজবুল্লাহ। .
ইসরায়েলি সেনাবাহিনী এক বিবৃতিতে জানিয়েছিল, হেজবুল্লাহর হামলার জবাবে লেবাননকে লক্ষ্যবস্তু করে হামলা চালাচ্ছে হিজবুল্লাহর নিক্ষেপ করা প্রজেক্টাইল ইসরায়েলি ভূখণ্ডের উন্মুক্ত স্থানে পড়েছে। .
রাজনৈতিকভাবে প্রভাবশালী শিয়া মুসলিম সংগঠন হিজবুল্লাহ লেবাননের সবচেয়ে শক্তিশালী সশস্ত্র বাহিনীকে নিয়ন্ত্রণ করে। .
ইরানে 'ভেনেজুয়েলা মডেলে' ক্ষমতা বদল হতে পারে; যুদ্ধ চলবে 'চার সপ্তাহের মতো': ট্রাম্প.
.
তিনি বলেন, মার্কিন ও ইসরায়েলি হামলায় সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার পর ইরানে ক্ষমতা হস্তান্তরের যে প্রশ্ন উঠেছে, সেক্ষেত্রে ভেনেজুয়েলাই হতে পারে নেতৃত্বের পরিবর্তনের 'নিখুঁত' উদাহরণ।.
চলতি বছরের শুরুতে ভেনেজুয়েলায় মার্কিন অভিযানের মাধ্যমে নিকোলা মাদুরোকে ক্ষমতাচ্যুত করার প্রসঙ্গ টেনে দ্য নিউইয়র্ক টাইমসকে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, 'আমার মনে হয় আমরা ভেনেজুয়েলায় যা করেছি, সেটা একটা নিখুঁত উদাহরণ সেখানে মাত্র দুইজন ব্যক্তি ছাড়া বাকি সবাই তাদের পদ বহাল রাখতে পেরেছেন।'.
.
ইরানের নেতৃত্বে তিনি কাকে দেখতে চান—এমন প্রশ্নের জবাবে ট্রাম্প টাইমসকে বলেন, 'আমার কাছে খুব ভালো তিনটি পছন্দ আছে। আমি এখনই তাদের নাম প্রকাশ করব না। আগে কাজ শেষ হোক।'.
এদিকে ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের সংঘাতের সম্ভাব্য সময়সীমা তুলে ধরে ডেইলি মেইলকে ট্রাম্প বলেছেন, এ হামলা 'চার সপ্তাহের প্রক্রিয়া। দেশটা বড়, তাই হামলা যত তীব্রই হোক না কেন, এতে চার সপ্তাহ বা তার কম সময় লাগবে।'.
বর্তমান পর্যায়ের এই হামলা যুক্তরাষ্ট্র ও ইসরায়েল আর কতদিন চালিয়ে যেতে পারে—নিউইয়র্ক টাইমসের এমন প্রশ্নে ট্রাম্প বলেন, 'আসলে আমরা চার থেকে পাঁচ সপ্তাহের পরিকল্পনা করেছি।'. .
Ajker Bogura / Md Shourov Hossain
আপনার মতামত লিখুন: