• ঢাকা
  • মঙ্গলবার, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ; ২১ জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

Advertise your products here

১৬ বছর পর বিশ্বকাপ জিতে স্পেনের ইতিহাস, আর্জেন্টিনার স্বপ্নভঙ্গ


Ajker Bogura ; প্রকাশিত: সোমবার, ২০ জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ০৪:১১ এএম
ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

দীর্ঘ ১৬ বছর পর আবারও ফুটবল বিশ্বকাপের শিরোপা জিতেছে স্পেন। রোমাঞ্চকর ফাইনালে অতিরিক্ত সময়ের একমাত্র গোলে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে ১-০ ব্যবধানে হারিয়ে দ্বিতীয়বারের মতো বিশ্বসেরার মুকুট নিজেদের করে নিয়েছে লা রোজা। স্থানীয় সময় রোববার (১৯ জুলাই) নিউইয়র্কের নিউ জার্সি স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে নির্ধারিত ৯০ মিনিটে কোনো দলই গোলের দেখা পায়নি। ফলে ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। ১০৬তম মিনিটে ফেরান তোরেসের দুর্দান্ত গোলে এগিয়ে যায় স্পেন, যা শেষ পর্যন্ত শিরোপা নির্ধারণী গোল হয়ে থাকে। ২০১০ সালের পর এটিই স্পেনের প্রথম বিশ্বকাপ শিরোপা। সে বছরও তারা ১-০ গোলে নেদারল্যান্ডসকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল। অন্যদিকে টানা দ্বিতীয়বার বিশ্বকাপ জয়ের স্বপ্ন ভেঙে যায় আর্জেন্টিনার। পুরো টুর্নামেন্টে দাপুটে পারফরম্যান্স দেখালেও ফাইনালে নিজেদের ছন্দে ছিল না লিওনেল স্কালোনির দল। মাত্র ৩২ শতাংশ বলের দখল রাখতে সক্ষম হয় তারা। পুরো ম্যাচে মাত্র দুটি শট নিলেও কোনোটি লক্ষ্যে রাখতে পারেনি। স্পেনের আক্রমণ একের পর এক রুখে দেন আর্জেন্টিনার গোলরক্ষক এমিলিয়ানো "দিবু" মার্টিনেজ। তার দুর্দান্ত সেভে নির্ধারিত সময় পর্যন্ত ম্যাচ গোলশূন্য থাকলেও অতিরিক্ত সময়ে ফেরান তোরেসের গোল আর ঠেকানো সম্ভব হয়নি। ম্যাচে আর্জেন্টিনার মিডফিল্ডার এনজো ফার্নান্দেজ লাল কার্ড দেখেন। এছাড়া সাইডলাইনে থাকা কোচ লিওনেল স্কালোনিও হলুদ কার্ড পান। পরিসংখ্যানেও ছিল স্পেনের একচেটিয়া আধিপত্য। তারা ২০টি শট নেয়, যেখানে আর্জেন্টিনা নিতে পারে মাত্র দুটি। বলের দখল, আক্রমণ ও সুযোগ সৃষ্টিতে স্পেন ছিল অনেকটাই এগিয়ে। এই জয়ের মাধ্যমে ১৬ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে আবারও বিশ্ব ফুটবলের সর্বোচ্চ আসনে ফিরল স্পেন। আর আর্জেন্টিনার ব্যাক-টু-ব্যাক বিশ্বকাপ জয়ের স্বপ্ন থেমে গেল ফাইনালের মঞ্চেই।.

.

Ajker Bogura / ডি আর/ এসএ

খেলাধুলা বিভাগের জনপ্রিয় সংবাদ