• ঢাকা
  • শনিবার, ২৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ; ১৪ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

Advertise your products here

হানিয়াকে নিয়ে মিথ্যাচার, ফেঁসে গেলেন আদনান ফয়সাল


Ajker Bogura ; প্রকাশিত: শুক্রবার, ১৩ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ০৫:৫০ পিএম
ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত


পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী হানিয়া আমিরকে ঘিরে করা এক মন্তব্যের জেরে তীব্র সমালোচনার মুখে পড়েছেন পডকাস্ট উপস্থাপক আদনান ফয়সাল। তার বক্তব্যকে কেন্দ্র করে সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনা ও বিতর্ক তৈরি হয়েছে।
বিতর্কের সূত্রপাত হয় যখন আদনান ফয়সাল দাবি করেন, তার অনুষ্ঠানে অংশ নিতে হানিয়া আমির নাকি প্রায় ২০ লাখ পাকিস্তানি রুপি পারিশ্রমিক চেয়েছিলেন। একটি টেলিভিশন আলোচনায় তিনি বলেন, এখন পর্যন্ত তিনি শত শত সাক্ষাৎকার নিয়েছেন এবং কাউকেই পারিশ্রমিক দেননি। তার ভাষ্য অনুযায়ী, অনেক বড় তারকাও যখন বিনা পারিশ্রমিকে তার অনুষ্ঠানে এসেছেন, তখন হানিয়া আমিরকে অর্থ দেওয়ার প্রশ্নই ওঠে না।
তবে আদনানের এই বক্তব্যের পরই প্রতিবাদ জানান পাকিস্তানি অভিনেতা ও কনটেন্ট নির্মাতা মেরাজ হক। তিনি অভিযোগ করেন, আদনান ফয়সালের দলের পক্ষ থেকে তাকে অনুষ্ঠানে অংশ নেওয়ার আমন্ত্রণ জানানো হয়েছিল। কিন্তু সেখানে শর্ত দেওয়া হয়, অনুষ্ঠানে অংশ নিতে হলে তাকেই প্রায় দুই লাখ পঁচাশি হাজার রুপি দিতে হবে। বিষয়টি প্রচারণার সুযোগ হিসেবে উল্লেখ করা হয়েছিল বলেও দাবি করেন তিনি।
মেরাজ হক জানান, তিনি কোথাও সাক্ষাৎকার দেওয়ার জন্য অর্থ প্রদান করেন না। তাই তিনি প্রস্তাবটি সরাসরি প্রত্যাখ্যান করেন। তার এই বক্তব্য প্রকাশ্যে আসার পর আরও কয়েকজন কনটেন্ট নির্মাতা একই ধরনের অভিযোগ তুলে ধরেন।
ভ্রমণবিষয়ক নির্মাতা জেনিথ ইরফানও জানান, তার কাছেও এমন একটি প্রস্তাব দেওয়া হয়েছিল। তিনি বিষয়টিকে সন্দেহজনক বলে মন্তব্য করেন। সামাজিক মাধ্যমে তালহা ভাইবস নামের আরেকজন নির্মাতা দাবি করেন, একটি অনুষ্ঠানে অংশ নেওয়ার জন্য তার কাছ থেকেও প্রায় তিন লাখ রুপি চাওয়া হয়েছিল।
এই বিতর্কে প্রতিক্রিয়া জানিয়ে অভিনেত্রী আইমান খান একটি পোস্টে হাসির প্রতিক্রিয়া দেন, যা সামাজিক মাধ্যমে নতুন করে আলোচনা সৃষ্টি করে।
ঘটনাটি পাকিস্তানের ডিজিটাল জগতে পারিশ্রমিক ও স্বচ্ছতা নিয়ে নতুন বিতর্কের জন্ম দিয়েছে। অনেকের মতে, একদিকে বড় তারকাদের পারিশ্রমিক নিয়ে সমালোচনা করা এবং অন্যদিকে ছোট নির্মাতাদের কাছ থেকে অর্থ চেয়ে সাক্ষাৎকার নেওয়া দ্বিমুখী আচরণেরই উদাহরণ।.

.

Ajker Bogura / সামসিল আরিফিন

বিনোদন বিভাগের জনপ্রিয় সংবাদ