• ঢাকা
  • রবিবার, ১৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ; ০১ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

Advertise your products here

জাতীয় সঙ্গীত লিখতে না পারায় সব প্রার্থী ফেইল


Ajker Bogura ; প্রকাশিত: বৃহস্পতিবার, ২৬ ফেরুয়ারী, ২০২৬ খ্রিস্টাব্দ, ০৩:০২ পিএম
ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলা-তে চারটি ইউনিয়ন পরিষদের গ্রামপুলিশ পদে নিয়োগ পরীক্ষায় অংশ নিয়ে জাতীয় সংগীত শুদ্ধভাবে লিখতে না পারায় ৩৮ জন চাকরিপ্রত্যাশীই ফেল করেছেন। বুধবার (২৫ ফেব্রুয়ারি) সকালে উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত বাছাই পরীক্ষায় এ ঘটনা ঘটে, যা পরে উপজেলাজুড়ে আলোচনার জন্ম দেয়।.

উপজেলার তিরনইহাট, তেঁতুলিয়া, শালবাহান ও দেবনগর ইউনিয়ন পরিষদের পাঁচটি মহল্লাদার পদে গ্রামপুলিশ নিয়োগের কার্যক্রম শুরু হয় সম্প্রতি। এসব পদের বিপরীতে মোট ৩৮ জন প্রার্থী আবেদন করেন। পরীক্ষার শুরুতে প্রার্থীদের শারীরিক সক্ষমতা যাচাই করা হয়। এরপর নিয়োগ কমিটির সিদ্ধান্ত অনুযায়ী মেধা যাচাইয়ের অংশ হিসেবে প্রত্যেককে ১৫ মিনিট সময় দিয়ে জাতীয় সংগীত লিখতে বলা হয়।.

কিন্তু নির্ধারিত সময়ের মধ্যে কেউই সম্পূর্ণ ও শুদ্ধভাবে জাতীয় সংগীত লিখতে পারেননি। ফলে কোনো প্রার্থী উত্তীর্ণ না হওয়ায় নিয়োগ প্রক্রিয়া চূড়ান্ত করতে পারেনি বাছাই কমিটি। এতে পুরো নিয়োগ পরীক্ষাই বাতিল ঘোষণা করা হয়।.

নিয়োগ বাছাই কমিটিতে উপস্থিত ছিলেন তেঁতুলিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এস. এম. আকাশ, তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুল ইসলাম, উপজেলা এলজিইডির প্রকৌশলী ইদ্রিস আলী খান, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা এবং সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরা।.

এ বিষয়ে স্থানীয় গণমাধ্যমকর্মী রনি মিয়াজী সময় সংবাদ-কে বলেন, নিয়োগ পরীক্ষায় কেউ পাস না করার ঘটনা এই উপজেলায় এবারই প্রথম। বিষয়টি প্রকাশ্যে আসার পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যম ও স্থানীয় পর্যায়ে সমালোচনা শুরু হয়েছে। তার মতে, গ্রামপুলিশের মতো গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনে নিয়োজিত ব্যক্তিদের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা ও সাধারণ জ্ঞানের মান নিশ্চিত করা জরুরি।.

নিয়োগ কমিটির সভাপতি ও তেঁতুলিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আফরোজ শাহীন খসরু বলেন, শারীরিক যোগ্যতা যাচাই শেষে মেধা যাচাই করতে গিয়ে এ অবস্থা দেখা যায়। চাকরিতে নিয়োগের ক্ষেত্রে সাধারণ জ্ঞান ও দেশপ্রেমের প্রাথমিক ধারণা থাকা আবশ্যক বলেও তিনি মন্তব্য করেন। যেহেতু কোনো প্রার্থী উত্তীর্ণ হতে পারেননি, তাই পরীক্ষাটি বাতিল করে দ্রুত নতুন করে একই পদের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।. .

Ajker Bogura / সামসিল আরিফিন

সারাদেশ বিভাগের জনপ্রিয় সংবাদ