বগুড়ায় হবে সামরিক ড্রোন কারখানা: প্রধানমন্ত্রী তারেক রহমান.
.
দেশের প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বৃহত্তর বগুড়ায় মনুষ্যবিহীন আকাশযান (ড্রোন) কারখানা স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (৮ জুলাই) জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে তিনি এ তথ্য জানান।.
.
প্রধানমন্ত্রী বলেন, তিন বাহিনীর আধুনিকায়নের অংশ হিসেবে উন্নত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, অত্যাধুনিক নজরদারি প্রযুক্তি এবং দেশীয় প্রতিরক্ষা শিল্পের বিকাশে দ্রুতগতিতে কাজ এগিয়ে নেওয়া হচ্ছে। এ লক্ষ্যে গুরুত্বপূর্ণ প্রকল্পগুলো ‘ফাস্ট ট্র্যাক’ পদ্ধতিতে বাস্তবায়নের উদ্যোগ গ্রহণ করা হয়েছে।.
.
তিনি জানান, আগামী ১০ বছরে সেনাবাহিনীর সক্ষমতা বৃদ্ধিতে প্রায় ৮৬ হাজার কোটি টাকার পরিকল্পনা রয়েছে। এই পরিকল্পনা বাস্তবায়িত হলে সেনাবাহিনী আরও প্রযুক্তিনির্ভর, আত্মনির্ভর ও যুদ্ধোপযোগী বাহিনীতে পরিণত হবে। একই সঙ্গে নৌবাহিনীর জন্য আধুনিক যুদ্ধজাহাজ ও সাবমেরিন সংযোজনের পরিকল্পনাও রয়েছে।.
.
প্রধানমন্ত্রী আরও বলেন, দেশীয় প্রতিরক্ষা শিল্পের বিকাশ, উন্নত ড্রোন প্রযুক্তি, সেন্সর, ইলেকট্রনিকস ও অন্যান্য প্রতিরক্ষা সরঞ্জাম উৎপাদনের সক্ষমতা বাড়াতে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি বন্ধুপ্রতীম দেশগুলোর সঙ্গে প্রযুক্তি হস্তান্তরের মাধ্যমে প্রতিরক্ষা খাতকে আরও শক্তিশালী করার কার্যক্রম চলমান রয়েছে।.
.
তিনি বলেন, জাতীয় নিরাপত্তা, সার্বভৌমত্ব ও সীমান্ত সুরক্ষা নিশ্চিত করতে সেনাবাহিনীর আধুনিকায়নকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে। এ লক্ষ্যে স্বল্পমেয়াদি ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা বাস্তবায়নের কাজ চলছে, যা সম্পন্ন হলে বাহিনীর সামগ্রিক যুদ্ধ সক্ষমতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে।. .
Ajker Bogura / ডি আর/ এসএ
আপনার মতামত লিখুন: