• ঢাকা
  • বৃহস্পতিবার, ৫ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ; ১৯ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

Advertise your products here

মুহূর্তেই সব শেষ—ছিনতাইকারীর টানে রিকশা থেকে পড়ে গৃহবধূর মৃত্যু


Ajker Bogura ; প্রকাশিত: বৃহস্পতিবার, ১৯ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ০৭:৪১ পিএম
মুহূর্তেই সব শেষ—ছিনতাইকারীর টানে রিকশা থেকে পড়ে গৃহবধূর মৃত্যু
ছবি: সংগৃহীত

রাজধানীর উত্তরায় ছিনতাইকারীর হ্যাঁচকা টানে রিকশা থেকে পড়ে মুক্তা আক্তার (২১) নামে এক গৃহবধূর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৯ মার্চ) সকালে উত্তরা দক্ষিণ মেট্রো স্টেশনের নিচে এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পর দুপুরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।.

নিহতের স্বামী লিমন হোসেন জানান, তারা দক্ষিণখান ফায়দাবাদ এলাকায় বসবাস করতেন। তিনি একটি পোশাক কারখানায় কর্মরত, আর মুক্তা ছিলেন গৃহিনী। সকালে ঈদের কেনাকাটার উদ্দেশ্যে ব্যাটারিচালিত রিকশায় করে মিরপুর পল্লবীর একটি মার্কেটে যাচ্ছিলেন তিনি।.

পথিমধ্যে উত্তরা দক্ষিণ মেট্রো স্টেশনের নিচে পৌঁছালে একটি প্রাইভেটকার থেকে হাত বাড়িয়ে মুক্তার হাতে থাকা ব্যাগ ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে দুর্বৃত্তরা। এ সময় হ্যাঁচকা টানে তিনি রিকশা থেকে রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হন।.

স্থানীয় পথচারী ও রিকশার অপর যাত্রী দ্রুত তাকে উত্তরা আধুনিক হাসপাতালে নিয়ে যান। পরে খবর পেয়ে সেখানে পৌঁছান তার স্বামী। অবস্থার অবনতি হলে তাকে টঙ্গীর আহসানউল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে পঙ্গু হাসপাতাল ঘুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে দুপুর ২টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।.

লিমন হোসেন আরও জানান, মুক্তার গ্রামের বাড়ি বরগুনা সদর উপজেলার সোনাপাড়া গ্রামে। তার বাবার নাম আব্দুল জলিল। প্রায় দুই বছর আগে তাদের বিয়ে হয়, যা দুজনেরই দ্বিতীয় বিয়ে ছিল।.

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক জানান, নিহতের মাথা ও কপালে গুরুতর আঘাতের চিহ্ন রয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে রাখা হয়েছে।.

এ ঘটনায় তুরাগ থানা পুলিশ তদন্ত শুরু করেছে।. .

Ajker Bogura / তাহমিদ জাওয়াদ

শোক সংবাদ বিভাগের জনপ্রিয় সংবাদ