বগুড়ার শেরপুর থেকে রাজধানী ঢাকার মোহাম্মদপুর কৃষি মার্কেটে নেওয়ার পথে ছিনতাই হওয়া ৬০০ বস্তা কাটারিভোগ চাল গাজীপুরের কালিয়াকৈর থেকে উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার দুপুরে তথ্যপ্রযুক্তির সহায়তায় কালিয়াকৈর বাজারের একাধিক গুদাম এবং ফুলবাড়িয়া এলাকার কেএনবি বাজারে অভিযান চালিয়ে প্রায় তিন হাজার কেজি চালসহ চালবোঝাই ট্রাকটি উদ্ধার করা হয়। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে গুদাম মালিক লিটন সরকার ও তার কর্মচারী সুমন সরকারকে আটক করা হয়েছে। পুলিশ জানায়, সোমবার রাতে ব্যবসায়ী মাহবুবুর রহমান বগুড়ার শেরপুর থেকে ৬০০ বস্তা চাল কিনে ট্রাকে করে ঢাকার উদ্দেশে রওনা দেন। পথিমধ্যে সিরাজগঞ্জের কড্ডার মোড় এলাকায় একটি প্রাইভেট কার দিয়ে ট্রাকের গতিরোধ করে দুর্বৃত্তরা। পরে অস্ত্রের মুখে ট্রাকচালক ও তার সহকারীকে জিম্মি করে হাত-পা ও মুখ বেঁধে পাশের ধানক্ষেতে ফেলে রেখে চালভর্তি ট্রাকটি ছিনতাই করে নিয়ে যায়। খবর পেয়ে সিরাজগঞ্জে অভিযোগ দায়েরের পর পুলিশ দ্রুত প্রযুক্তির মাধ্যমে ট্রাকটির অবস্থান শনাক্ত করে কালিয়াকৈরে অভিযান শুরু করে। একপর্যায়ে পরিত্যক্ত অবস্থায় ট্রাকটি উদ্ধার করা হয় এবং পরে বিভিন্ন গুদামে তল্লাশি চালিয়ে লুট হওয়া সব চাল উদ্ধার করা সম্ভব হয়। ভুক্তভোগী ব্যবসায়ী মাহবুবুর রহমান জানান, পুলিশ দ্রুত ব্যবস্থা নেওয়ায় বড় ধরনের ক্ষতির হাত থেকে তিনি রক্ষা পেয়েছেন। কালিয়াকৈর থানার ওসি সহিদুল ইসলাম বলেন, এই ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে এবং পুরো ছিনতাই চক্রকে আইনের আওতায় আনতে অভিযান অব্যাহত রয়েছে।.
Ajker Bogura / ডি আর/ এস এ
আপনার মতামত লিখুন: