• ঢাকা
  • শনিবার, ৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ; ২১ ফেরুয়ারী, ২০২৬ খ্রিস্টাব্দ

Advertise your products here

বগুড়ায় বাসের ধাক্কায় ইজিবাইক দুর্ঘটনা, গৃহবধূ নিহত, মহাসড়ক অবরোধ


Ajker Bogura ; প্রকাশিত: শুক্রবার, ২০ ফেরুয়ারী, ২০২৬ খ্রিস্টাব্দ, ০২:৪৯ পিএম
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

বগুড়ার শাজাহানপুর উপজেলার দ্বিতীয় বাইপাস বেতগাড়ি এলাকায় বাসের ধাক্কায় ইজিবাইক দুর্ঘটনায় এক গৃহবধূর মৃত্যু ও একই পরিবারের তিনজনসহ চারজন গুরুতর আহত হওয়ার ঘটনায় এলাকায় তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। নিহতের মরদেহ নিয়ে ঢাকা–বগুড়া মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন এলাকাবাসী।
স্থানীয় সূত্র ও নিহতের মামা রেজাউল করিম জানান, গত ১৮ ফেব্রুয়ারি বুধবার বিকেলে বেতগাড়ি এলাকায় একটি বাস পেছন থেকে একটি ইজিবাইককে ধাক্কা দিলে ইজিবাইক চালকসহ চারজন গুরুতর আহত হন। আহতদের মধ্যে একই পরিবারের তিনজন সদস্য ছিলেন। আহত গৃহবধূ চামেলি খাতুন (স্বামী: জুয়েল) চিকিৎসাধীন অবস্থায় ১৯ ফেব্রুয়ারি রাত আনুমানিক দুইটার দিকে মারা যান।
দুর্ঘটনায় চামেলির দুই বছর বয়সী শিশু সন্তান সোয়াদ গুরুতর আহত হয় এবং বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। চিকিৎসকরা তার ডান পা অস্ত্রোপচারের মাধ্যমে বিচ্ছিন্ন করেছেন বলে জানা গেছে। আহত অপর শিশু কন্যা নেহা চিকিৎসাধীন রয়েছে। এছাড়া ইজিবাইক চালক সেলিম (পিতা: সেকেন্দার) আহত হন।
চামেলির মৃত্যুর পর ২০ ফেব্রুয়ারি সকাল ৯টা ৪৫ মিনিটে বিক্ষুব্ধ এলাকাবাসী বেতগাড়ি লিচুতলা বাইপাস মোড়ে নিহতের মরদেহ নিয়ে ঢাকা–বগুড়া মহাসড়ক অবরোধ করেন। এতে মহাসড়কের উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয় এবং কয়েক হাজার মানুষ সড়কে অবস্থান নেন।
অবরোধ চলাকালে এলাকাবাসী ওই এলাকায় ফ্লাইওভার নির্মাণসহ সড়ক নিরাপত্তা জোরদারের দাবি জানান। পাশাপাশি নিহত ও আহতদের পরিবারের সার্বিক সহযোগিতা নিশ্চিত করার আহ্বান জানান তারা।
খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হন বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনের সংসদ সদস্য আলহাজ্জ মোশাররফ হোসেন। তিনি দুর্ঘটনা রোধে কার্যকর পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন এবং জেলা প্রশাসন ও সড়ক বিভাগের কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করেন। নিহতের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে তিনি আহত শিশু সোয়াদের চিকিৎসা সহায়তায় ২০ হাজার টাকা অনুদান প্রদান করেন।
সংসদ সদস্যের আশ্বাসের পর বেলা ১০টা ৪৫ মিনিটে বিক্ষুব্ধ জনতা অবরোধ প্রত্যাহার করেন। তবে এলাকাবাসী দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণ না করা হলে পুনরায় কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দেন।
স্থানীয়দের অভিযোগ, বেতগাড়ি বাইপাস মোড় দীর্ঘদিন ধরেই ঝুঁকিপূর্ণ হিসেবে পরিচিত। যথাযথ অবকাঠামো ও ট্রাফিক নিয়ন্ত্রণ না থাকায় এখানে প্রায়ই দুর্ঘটনা ঘটে। সর্বশেষ এই মর্মান্তিক দুর্ঘটনার পর এলাকায় শোক ও উদ্বেগের পরিবেশ বিরাজ করছে।
 .

.

Ajker Bogura / Sansil Arifin

দূর্ঘটনা বিভাগের জনপ্রিয় সংবাদ